নিউইয়র্ক: হ্যারিকেন আইজ্যাকের আতঙ্কে ফ্লোরিডার বাংলাদেশিরা নিরাপদ অবস্থানে চলে গেছেন। স্থানীয় সময় শনিবার ভোর রাতে (বাংলাদেশ সময় রোববার অপরাহ্নে) কিউবা থেকে ধেয়ে আসা হ্যারিকেনটি দক্ষিণ ফ্লোরিডায় আঘাত হানার কথা।
প্রাক প্রস্তুতি হিসেবে ফ্লোরিডায় জরুরি অবস্থা জারি করেছেন অঙ্গরাজ্যের গভর্নর রিক স্কট। একই কারণে ফ্লোরিডার টেম্পা সিটিতে অনুষ্ঠিতব্য রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের কার্যক্রম মঙ্গলবার নাগাদ স্থগিত ঘোষণা করা হয়েছে।
চার দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন হবার কথা আগামী ২৭ আগস্ট সোমবার। হ্যারিকেনের আতঙ্কে মায়ামী-ডেড, মনরো এবং ব্রাওয়ার্ড কাউন্টির সব স্কুলে সোমবার ছুটি ঘোষণা করা হয়েছে।
শনিবার বিকেল থেকেই এসব এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যাবার নির্দেশ দেওয়া হয়েছে। ফ্লোরিডা কম্যুনিটির লিডার এবং ৩১ আগস্ট থেকে সেখানকার ফোর্টলডারডেল সিটিতে অনুষ্ঠিতব্য ৩ দিনের ফোবানা’র বাংলাদেশ সম্মেলন কমিটির আহবায়ক আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, ‘‘হ্যারিকেন আইজ্যাক ঘণ্টায় ১০০ মাইল বেগে আঘাত হানতে পারে রোববার দুপুরের দিকে। এজন্যে আমরা সবাই সম্ভাব্য নিরাপদ অবস্থানে রয়েছি।’’
তিনি জানান, ফ্লোরিডার বিভিন্ন সিটিতে ৩০ সহস্রাধিক বাংলাদেশির সবাই কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী অবস্থান নিয়েছেন। কম্যুনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও পারস্পরিক খোঁজ-খবর রাখছেন।
এদিকে মায়ামী ডেড কাউন্টি মেয়র কার্লোস জিমেনেজ শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমান বাড়িঘরে অবস্থানকারী সবাইকে নিকটস্থ আশ্রয় শিবিরে যাবার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, সাউথ মায়ামী-ডেড এলাকায় অন্ততঃ ৩টি আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। কাউন্টির ২৭ সহস্রাধিক কর্মচারীর সবাইকে নিজ নিজ বাসায় অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময় : ০৯৩০ ঘণ্টা, আগস্ট ২৬,২০১২
সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর, নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর