 |
| ছবি: নাজমুল হাসান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: সদ্য কারামুক্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের আন্দোলনের কাছে সরকারের কোনো ষড়যন্ত্র টিকবে না। বিএনপি নেতৃত্বাধীন যে ১৮ দলীয় জোট রয়েছে তার পরিধি আরও বাড়বে।
কারামুক্ত বিএনপি নেতৃবৃন্দদের নিয়ে শনিবার বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বিরোধী দলের দাবি আদায়ের জন্য সরকারকে বারবার সময় দেওয়া প্রসঙ্গে ফখরুল বলেন, ‘আমরা চাই সরকারের শুভ বুদ্ধির উদয় হোক। আর তা না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে তত্ত্ববধায়কসহ সব দাবি আদায়ে বাধ্য করা হবে।’
তিনি বলেন, ‘যে উদ্দেশ্য নিয়ে সরকার বিরোধীদলীয় নেতাদের আটক করেছিল তা সফল হয়নি, জামিনে মুক্ত নেতাদের আবারও জেলগেট থেকে গ্রেফতার করা সম্পূর্ণ বেআইনী।’
গণতন্ত্রকে হত্যা করা সরকারের ইচ্ছা উল্লেখ করে ফখরুল বলেন, ‘সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। জনসমর্থন হারিয়ে সরকার এখন মরিয়া হয়ে উঠেছে। আমরা চাই গণতন্ত্র নিজের পথে চলুক।’
তিনি বলেন, ‘ইলিয়াস আলীর মুক্তি এবং তত্ত্বাবধয়কসহ যে সব দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিলাম সে বিষয়ে আরও জোরালো দাবি জানাচ্ছি।’
গাছ লাগায় আওয়ামী লীগ আরও ফল খায় বিএনপি--প্রধানমন্ত্রীর এমন কথা প্রসঙ্গে ফখরুল বলেন, ‘প্রকৃত সত্য হচ্ছে পুরোটাই উল্টো। আমরা যখনই ক্ষমতায় এসেছি, দেশে কর্মসংস্থানসহ সব বিষয়েই ভালো ছিল।’
রোহিঙ্গাদের আশ্রায় প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারের এবিষয়ে মানবিক আচরণ করা উচিত।’
জিয়ার মাজার জিয়ারত করতে গেছেন স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. খন্দকর মোশাররফ হোসেন, তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন আলম, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি, সাংগঠনিক ফজলুল হক মিলন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, জুন ১৬, ২০১২
এআই/এনএম/এমআইএইচ/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর