 |
লন্ডন: ইংলিশ প্রিমিয়ার লিগে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলসরা ৪-০ গোলে হারিয়েছে উইগান অ্যাথলেটিককে। হোঁচট খেয়েছে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা ১-১ গোলে ড্র করেছে স্টোক সিটির সঙ্গে।
ওল্ড ট্যাফোর্ডে শুরুতেই এগিয়ে পারতো ম্যানচেস্টার ইউনাইটেড। খেলার ছয় মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। কিন্তু হাভিয়ের হার্নান্দেজের দুর্বল স্পট কিক রুখে দেন উইগানের আলী আল হাবসি। গোল বঞ্চিত হওয়ার পর এই অর্ধে সাফল্যের দেখা পায়নি স্যার অ্যালেক্স ফার্গুসনের শিষ্যরা।
বিশ্রামের পর স্বাগতিকদের বেঁধে রাখতে পারেনি উইগান। ৫১ মিনিটে ম্যানউইকে এগিয়ে নেন পল স্কোলস। এনিয়ে রেড ডেভিলসের হয়ে ৭০০তম ম্যাচ খেললেন এই মিডফিল্ডার। এরপর গুনে গুনে আরও তিনবার উইগানের জালে বল পাঠায় ম্যানইউ। গোল করেন হার্নান্দেজ (৬৩ মি:), অ্যালেক্স বাটনার (৬৬ মি:) ও নিক পাওয়েল (৮২ মি:)।
এদিকে গোলউৎসব করেছে আর্সেনাল। তারা ৬-১ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। জোড়া গোল করেন গারভিনহো। এছাড়া একটি করে গোল করেন হুইভেল্ড, পোডোলস্কি, ক্লিন, ফক্স ও ওয়ালকোট।
ম্যানউই ও আর্সেনালের জয়ের দিনে পয়েন্ট ভাগভাগি করেছে ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসি। ম্যানচেস্টার সিটি ১-১ গোলে স্টোক সিটির সঙ্গে, একই ব্যবধানে লিভারপুল ও সান্ডারল্যান্ডের সঙ্গে এবং কুইন্স পার্ক রেঞ্জার্সের সঙ্গে গোলশূন্য ড্র করেছে চেলসি। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় সবার ওপরে চেলসি। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানইউ।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১২
সিজি