ঢাকা: প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে ব্রাদার্স ১০ জনের আবাহনীর বিপক্ষে ২-৪ গোলে হেরেছিলো। ওই ম্যাচটিতে ব্রাদার্স লিগ চ্যাম্পিয়ন আবাহনীকে পয়েন্ট ছেড়ে দিয়েছে বলে দাবি করেছেন ব্রাদার্স ম্যানেজার আমের খান।
২৬ মে’ও ওই ম্যাচে আবাহনীর জাহিদ দুই হলুদ কার্ড দেখে মাঠ থেকে বের হবার আগে ব্রাদার্স ও আবাহনীর স্কোরলাইন ছিলো ১-১। এর পর ১০ জনের আবাহনীর কাছে ব্রাদার্স আরও তিন গোল খেয়ে ম্যাচ হেরে যায়। ফুটবলাঙ্গনে অনেকের চোখে ম্যাচটি সন্দেহের তালিকায় ছিলো।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে আমের খানের বক্তব্য প্রচারিত হয়েছে, যেখানে তিনি দাবি করেন লিগের দ্বিতীয় লেগে আবাহনীকে পয়েন্ট ছেড়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার ব্রাদার্স ও রহমতগঞ্জের মধ্যকার পাতানো ম্যাচ বিষয়ে বাফুফের লিগ কমিটির সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে সালাম মুর্শেদী কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমিও বিষয়টি শুনেছি। যদি সত্যি হয় তাহলে অবশ্যই তাকে (আমের খান) শাস্তি দেওয়া হবে।’ একই সঙ্গে শেখ জামাল ও ব্রাদার্স ম্যাচের পাশাপাশি এই ম্যাচটিও বিশেষ কমিটির কাছে তদন্তের জন্য পাঠানো হবে বলে জানান সালাম মুর্শেদি।
এবিষয়ে আমের খান বলেন, ‘আমি এখনো তাদের রিপোর্টটি দেখিনি। তারা আমার বক্তব্যের অপপ্রচার করছে। আমি যেটা বলেছি সেটা তারা অন্যভাবে প্রচার করেছে।’
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর