 |
সাড়া জাগানো সংগীত প্রতিভা অন্বেষণভিত্তিক রিয়েলিটি শো `ক্লোজআপ ওয়ান : তোমাকেই খুঁজছে বাংলাদেশ`-এর চতুর্থ আসর এগিয়ে চলছে। রাজধানী ঢাকার মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ অডিটরিয়ামে ৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ঢাকা অঞ্চলের অডিশন রাউন্ড। এই অডিশন চলবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ঢাকার পরেই চট্টগ্রামে অডিশন
শুরু হবে।
`স্বপ্ন সাধনা সাহসে, গাও আত্মবিশ্বাসে`- এই শ্লোগান নিয়ে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের আয়োজনের পৃষ্ঠপোষকতায় `ক্লোজআপ ওয়ান : তোমাকেই খুঁজছে বাংলাদেশ`-এর চতুর্থ আসর শুরু হয়েছিল গত ৫ জুলাই আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে। এর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে এনটিভি। সারাদেশ থেকে প্রায় পঞ্চাশ হাজার প্রতিযোগী এবার রেজিস্ট্রেশন করে। রেজিস্ট্রেশন পর্ব শেষে এবার শুরু হচ্ছে প্রাথমিক অডিশন রাউন্ড।
অনেকটা আমেরিকান আইডলের আদলে দেশের সঙ্গীত প্রতিভা অন্বেষণের জন্য ২০০৫ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ‘ক্লোজ আপ ওয়ান- তোমাকেই খুঁজছে বাংলাদেশ’। প্রথম আয়োজনেই এই রিয়েলিটি শো সারা দেশের মানুষের মন জয় করে নেয়। এটি এতটাই জনপ্রিয়তা পায় যে, এনটিভিতে ক্লোজআপ ওয়ান প্রচারের সময় এদেশের সবধরনের মানুষ টিভি সেটের সামনে বসে পড়তো। এ প্রতিযোগিতার প্রথম আসরে সেরা হন নোলক বাবু। প্রথম ও দ্বিতীয় রানার আপ হন যথাক্রমে রাজীব ও বিউটি।
পরের বছর অর্থাৎ ২০০৬ সালে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতার দ্বিতীয় আসর। ‘গাও বাংলাদেশ গাও’ সেøাগান নিয়ে এ বছরের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন সালমা। মুহিন প্রথম রানার আপ ও নিশিতা হন দ্বিতীয় রানার আপ । ২০০৬ সালের দ্বিতীয়বারেরআয়োজন নিয়ে নানারকম অনিয়মের অভিযোগ করেন বিচারকরা। প্রথমবারের মতো সাজানো গোছানো ছিল না দ্বিতীয়বারের ক্লোজ আপ ওয়ান। বিচারকদের সাথে আয়োজকদের মতবিরোধের মতো ঘটনাও ঘটে এবছর।
‘যে দেশে ছড়িয়ে রয়েছে এত সুর, সে দেশের মানুষই তো গাইবে- গাও বাংলাদেশ গাও’ শীর্ষক লম্বা শ্লোগান নিয়ে এ একবছর বিরতির পর ২০০৮ সালে অনুষ্ঠিত হয় এই রিয়েলিটি শোর তৃতীয় ও সবর্শেষ আসর। এ আসরে চ্যাম্পিয়য় হন লিজা। প্রথম ও দ্বিতীয় রানার আপ হন যথাক্রমে অপু ও সাজু। সে সময় আরো কয়েকটি একই ধরনের সংগীত প্রতিভা খোঁজার অনুষ্ঠান চলতে থাকায় কিছুটা ভাঁটা পড়ে ক্লোজ আপ ওয়ানের সেই জনপ্রিয়তায়।
তিন বছর বিরতির পর এবার চতুর্থবারের মতো ‘ক্লোজ আপ ওয়ান’-এর কার্যক্রম এগিয়ে চলছে। চতুর্থ ক্লোজআপ ওয়ান বিজয়ী এবার পুরস্কার পাবেন নগদ ১০ লাখ টাকা ও একটি ব্র্যান্ড নিউ গাড়ি। প্রথম রানার আপ পাবেন ৫ লাখ টাকা এবং দ্বিতীয় রানার আপ পাবেন ৩ লাখ টাকা। এছাড়াও সেরা দশে উঠে আসা প্রত্যেক প্রতিযোগী পাবেন একলাখ টাকা করে পুরস্কার।
বাংলাদেশ সময় ১৯১০, সেপ্টেম্বর ০২, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক