চট্টগ্রাম: দুর্নীতির মামলায় কারাগারে পাঠানোর আদেশ শুনে আদালত প্রাঙ্গণে অজ্ঞান হয়ে পড়া সেই নারী ব্যবসায়ী ফাতেমা আক্তার বৃহস্পতিবার জামিনে মুক্ত হয়েছেন। গত ১৬ জুলাই চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম এ বি এম নিজামুল হক কারাগারে পাঠানোর আদেশ দিলে আদালত কক্ষেই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন ওই নারী।
শিল্প কারখানা স্থাপনের নামে সরকারি প্লট ইজারা নিয়ে বাণিজ্যিক ভবন নির্মাণ করায় দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় তারপর থেকেই কারাগারে ছিলেন ব্যবসায়ী ফাতেমা আক্তার।
বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমান তার জামিন মঞ্জুর করেন। পরে তিনি কারাগার থেকে জামিনে মুক্ত হন।
আদালত সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালের ২৫ জুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের জন্য নগরীর মুরাদপুর এলাকায় ভুমি মন্ত্রণালয় থেকে একটি প্লট বরাদ্দ পান নগরীর টেরিবাজার এলাকার বাসিন্দা জনৈক ব্যবসায়ী জয়নাল আবেদিনের স্ত্রী ফাতেমা আক্তার।
১৯৮৭ সালের ২৭ অক্টোবর মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আতিকুল ইসলাম ওই প্লটে দোকানপাট নির্মাণের অনুমতি দেন। এর পরিপ্রেক্ষিতে ফাতেমা আক্তার ওই প্লটে একটি বাণিজ্যিক ভবন নির্মাণ করেন।
ইজারার শর্ত ভঙ্গ করায় ১৯৯২ সালের ৪ মে মন্ত্রণালয় ইজারার চুক্তি বাতিল করেন। ২০০৬ সালের ১৬ মে তৎকালীন সহকারি কমিশনার (ভুমি) প্লটটি জেলা প্রশাসনকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু এরপরও প্লট ফেরত দিতে নানা টালবাহানা শুরু করেন ওই ব্যবসায়ী।
এর মধ্যে মন্ত্রণালয়ের নির্দেশ ছাড়া ফাতেমা আক্তারকে প্লটে দোকানপাট নির্মাণের অনুমতি দেওয়ায় তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আতিকুল ইসলামের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন।
তদন্তে ফাতেমা আক্তার ও আতিকুল ইসলামের বিরুদ্ধে এক কোটি ১৫ লাখ ৮ হাজার টাকা আত্মসাৎ ও আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ প্রমাণিত হওয়ার পর দু’জনকে আসামি করে ২০১২ সালের ২ ফেব্রুয়ারি নগরীর কোতোয়ালি থানায় দণ্ডবিধির ৪০৯, ৫১১ এবং ১০৯ ধারায় ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় একটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।
সূত্র জানায়, মামলা দায়েরের পর থেকে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক আতিকুল ইসলাম পলাতক আছেন। গত ৫ জুন ফাতেমা আক্তার হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অর্ন্তবর্তীকালীন জামিন পান। জামিনের মেয়াদ শেষের একদিন আগে ১৬ জুলাই ফাতেমা আক্তার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বৃহস্পতিবার ফাতেমা আক্তারের আইনজীবীরা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে তার জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১২
আরডিজি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর