৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১২:২২ এএম BDST banglanew24
18 Aug 2012   05:10:58 PM   Saturday BdST
E-mail this

৯ জেলার কিছু গ্রামে রোববার ঈদ


আদিত্য আরাফাত, সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
৯ জেলার কিছু গ্রামে রোববার ঈদ
ছবি:ফাইল ফটো

ঢাকা: প্রতিবারের মতো এবারো সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের ৯টি জেলার কয়েকটি গ্রামে পবিত্র ঈদ-উল ফিতর উদযাপিত হবে রোববার। চট্টগ্রাম, চাঁদপুর ভোলা, মাদারীপুর, পটুয়াখালী, শরীয়তপুর, শেরপুর, বরগুনা ও ঝিনাইদহ জেলার কয়েকটি গ্রামে আরব বিশ্বের সঙ্গে মিল রেখে ঈদ পালন করা হবে।

জানা গেছে, দক্ষিণ চট্টগ্রামের সাতটি উপজেলার ৩০টি গ্রামে রোববার সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশে প্রচলিত নিয়মের একদিন আগেই উদযাপিত হবে পবিত্র ঈদ-উল ফিতর। একদিন আগে ঈদুল ফিতর উদযাপনকারীদের অধিকাংশই চট্টগ্রামের সাতকানিয়ার সিলসিলিয়া আলিয়া জাহাগীর পীর দরবার শরিফের অনুসারী।

রোববার দক্ষিণ চট্টগ্রামে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে সাতকানিয়ার মীর্জারখীল জাহাগীর পীরের দরবার শরিফে। সেখানে সকালে প্রায় তিন হাজার লোক ঈদের নামাজ আদায় করবেন বলে জানা গেছে। এরপর ঈদের বড়ো জামাত অনুষ্ঠিত হবে আনোয়ারার সরকার হাট এলাকার হযরত লতিফ শারের মাজার সংলগ্ন তৈলারদ্বীপ মসজিদে।

ওই মসজিদ সংলগ্ন খলিফা শাহ মাজারের খাদেম ইয়াকুব মিয়া বাংলানিউজকে জানান, ৫৫ বছর আগে তাদের পীর লতিফ শাহ তাদের নির্দেশ দিয়েছেন, মির্জারখীল দরবার শরিফের অনুসারে ঈদ ও রোযা পালন করতে। তখন থেকেই তারা একদিন আগে রোজা ও ঈদ করছেন। তিনি বলেন,‘‘শনিবার লতিফ শাহের অনুসারীদের ৩০ রোজা পূর্ণ হচ্ছে।’’

সাতকানিয়া উপজেলায় যারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করছেন তারা জানান, লোকমুখে প্রচলিত আছে, প্রায় দুশ’ বছর আগে পীর লতিফ শাহ তার মুরিদদের নির্দেশ দিয়েছিলেন, সৌদি আরবে যেদিন চাঁদ দেখা যাবে পরদিন থেকেই বিশ্বের সকল স্থানে রোজা পালন শুরু হবে। একইভাবে ঈদ-উল ফিতর এবং ঈদুল আযহাও পালন করতে হবে সৌদি আরবের অনুসরণে। এরপর থেকেই এসব গ্রামে সৌদি আরবের রীতি অনুসারে রোজা ও দুটি ঈদ উদযাপিত হয়ে আসছে।
 
সৌদি আরবের সঙ্গে মিলিয়ে রোববার ঈদ উদযাপন করবে চাঁদপুরের ৩০টির বেশি গ্রামের মানুষ।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের মরহুম পীর মাওলানা ইসহাকের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে দীর্ঘদিন ধরে রোজা ও ঈদ পালন করে আসছেন।

পীর মাওলানা ইসহাকের বড় ছেলে ও সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর মাওলানা আবু জোফার মো. আবদুল হাই বলেন, ‘‘শুক্রবার আরব বিশ্বে শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় রোববার আমাদের এখানে (চাঁদপুরের কয়েকটি গ্রামে) ঈদুল ফিতর উদযাপিত হবে।”

হাজীগঞ্জ উপজেলার বলাখাল, সাদ্রা, মনিহার, সমেশপুর, অলীপুর, ভোলাচোঁ, জাক্নি, সোনাচোঁ, প্রতাপপুর ও বাসারা, ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচর, বালুথুবা, কাইতাপাড়া, নূরপুর, সাচনমেঘ, হাঁসা ও গোবিন্দপুর, মতলবের দশানী, মোহনপুর ও পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামে রোববার ঈদ উদযাপন করা হবে বলে জানান তিনি।
 
প্রতি বছরের মতো এ বছরও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার পাঁচ উপজেলার ১০টি গ্রামের প্রায় পাঁচ হাজার পরিবারের সদস্যরাও রোববার ঈদ পালন করবেন। রোববার ভোলার সদরের ইলিশা, বোরহানউদ্দিনের মুলাইপত্তন, টবগী, পয়িত্তা ও পশ্চিম মুলাইপত্তন গ্রাম, লালমোহন পৌর এলাকার কিছু অংশ এবং উপজেলার ফরাজগঞ্চ ও লাঙ্গলখালী গ্রাম, তজুমদ্দিন উপজেলার শিবপুর ও সম্ভুপুর গ্রাম এবং চরফ্যাশন উপজেলার আমিনাবাদ গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ রোববার ঈদ উদযাপন করবেন বলে জানা গেছে।

রোববার মাদারীপুর জেলার চরকালিকাপুর, পূর্ব পাচখোলা, কালকিনি উপজেলার সাহেবরামপুরের আন্ডারচর ও কয়ারিয়া গ্রামসহ অন্তত ২০টি গ্রামে ঈদ-উল ফিতর উদযাপন  হবে।

সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পটুয়াখালীর বদরপুর, আউলিয়াপুর, পূর্ব কেওয়াবুনিয়াসহ কয়েকটি গ্রামেও রোববার ঈদ-উল ফিতর উদযাপিত হবে। প্রতি বছরই তারা ঈদ-উল ফিতর ও ঈদ-উল আজহা একদিন আগে পালন করে থাকেন।

বাংলাদেশের দক্ষিণ প্রান্তের সমুদ্র উপকূলীয় কলাপাড়া, রাঙ্গাবালী ও গলাচিপা উপজেলার ১০ সহস্রাধিক মুসলমানও ৩০ রমজান পূর্ণ করে রোববার পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করবেন। জানা গেছে, তারা হানাফি মাজহাভ কাদেরিয়া তরিকার ভক্ত। তাদের বর্তমান পীর চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হযরত শাহসুফি মাওলানা মুফতি মোহম্মদ মমতাজ আলী।

শরীয়তপুরের ৩০ গ্রামে রোববার সৌদি আরবের সঙ্গে মিল রেখে রমজানের ঈদ পালন করা হবে। সুরেশ্বর দরবার শরিফের প্রতিষ্ঠাতা সৈয়দ জান শরীফ শাহ সুরেশ্বরী ওরফে মাওলানা আহাম্মদ আলীর আমল থেকে চন্দ্র মাস গণনা সাপেক্ষে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এ দরবারে রোজা ও ঈদ উদযাপন করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে শেরপুর জেলার ৪ গ্রামেও রোববার ঈদ-উল ফিতর পালন করা হবে। গ্রামগুলো হচ্ছে, শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি ইউনিয়নের চরখার চর, ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের চতল এবং নালিতাবাড়ি উপজেলার নন্নী ইউনয়নের নন্নী ও মধ্যপাড়া।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শাপলেজা ইউনিয়নের দণি শাপলেজা, ভাইজোড়া, কচুবাড়িয়া, খেতাচিড়া ও  চড়কগাছিয়া গ্রামেও ঈদ পালন করা হবে রোববার।

বরগুনার জেলার নয়টি গ্রামে রোববার ঈদ উদযাপন করা হবে। বরগুনা সদর উপজেলার পাজরাভাঙ্গা শরিফ বাড়ি মসজিদ, বেতাগীর বকুলতলী মালেক চেয়ারম্যানের বাড়ি, আমতলীর গোজখালী শাহসাবের বাড়ি ও কুকুয়ায় আলাদা ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বরগুনার এসব উপজেলার বাসিন্দারা হযরত কাদেরিয়া চিশতিয়া তরিকাপন্থী। তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং একই দিনে ঈদ পালন করে থাকেন। কুকুয়া গ্রামের কাদিয়ানী সম্প্রদায়ও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উৎসব পালন করে আসছেন।

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ১২ গ্রামের শতাধিক মানুষ রোববার ঈদ উদযাপন করবেন। এগুলোর মধ্যে রয়েছে ভবানীপুর, শ্রীপুর, হরিণাকুণ্ড, শুড়া, চিথলিয়াপাড়া,পার্বতীপুর, তাহেরহুদা, বলরামপুর, বৈঠাপাড়াসহ আরো কয়েকটি গ্রাম। তবে এসব গ্রামের সকলেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করেন না।
 
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
এডিএ/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান