ঢাকা: ‘মৃত মানুষের জন্য কাঁদতে হয় না, তাদের বাঁচিয়ে রাখতে হয় কাজের মাধ্যমে’ স্লোগান নিয়ে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে প্রদশর্নী বিতর্ক ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এর আয়োজন করে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)।
বৃহস্পতিবার রাজধানীর অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল অডিটোরিয়ামে বিতর্ক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সারা দেশের ৬৫টি স্কুল, কলেজ, মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিতার্কিকরা।
অনুষ্ঠানে বিতর্কের বিষয় ছিল ‘আমিই হুমায়ূন আহমেদের শ্রেষ্ঠ সৃষ্টি’। এ বিতর্কে বিতার্কিকরা অংশগ্রহণ করেন বাকের ভাই, মুনা, মিসির আলি, হিমু, রুপা ও শুভ্র চরিত্রে।
প্রদর্শনী বিতর্কের পরে হুমায়ূন আহমেদের বিভিন্ন সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) চেয়ারম্যান একেএম শোয়েব।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর