 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
কলকাতা : “তিস্তা সমস্যা অচিরেই মিটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও রাজ্য কংগ্রেসের সভাপতি প্রদীপ ভট্টাচার্য। তাঁরা বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক হৃদয়ের সম্পর্ক, এটা চিরদিন রয়েছে এবং থাকবে।”
সোমবার বিকেলে কলকাতা প্রেসক্লাবে ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি এবং ইন্দো-বাংলাদেশ কালচারাল সমিতি আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান তারা ।
এছাড়া বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক-কলামিষ্ট শাহরিয়ার কবিরের লেখা বই বাংলাদেশ ভারত সম্পর্ক বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা আত্মপ্রকাশ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন হয়। অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন- শাহরিয়ার কবির, প্রধান অতিথি পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্য কংগ্রেসের সভাপতি প্রদীপ ভট্টাচার্য, বিধানসভার মুখ্যসচেতক শোভনদেব চট্টোপাধ্যায়, ত্রিপুরার রাজমাতা বিভুকুমারী দেবী প্রমুখ।
শাহরিয়ার কবির, বলেন, ২০১৪ সালের নির্বাচনের বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় না এলে তাতে শুধু বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্থ হবে না, ক্ষতিগ্রস্থ হবে ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার।
তিনি মনে করিয়ে দেন, বিএনপি জামাত জোট বাংলাদেশে ক্ষমতায় ফিরলে একশোটি উগ্রপন্থী ক্যাম্প নয়- হাজারটি উগ্রপন্থী ক্যাম্প হতে বাধ্য হবে। তিনি তৃণমূল নেতৃবৃন্দের উদ্দেশ্য বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তিস্তা সম্পর্কে একটু ইতিবাচক ভূমিকা নিলেই ভারত-বাংলাদেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং বাংলাদেশে মৌলবাদী শক্তি ক্ষমতায় আসা থেকে ব্যাহত হবে।
বাংলাদেশ সময় : ১২৪২ ঘন্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৩
সম্পাদনা: সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর