 |
ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আলো ছড়িয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে তার দল কলকাতা নাইট রাইডার্স। শুরু থেকেই আইপিএলে ব্যক্তিগত নৈপূণ্য প্রদর্শন করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। প্রতিযোগিতায় দুইবার ম্যাচসেরা হওয়া বাঁহাতি এই ক্রিকেটার ফাইনালে জেতেন সেরা ক্যাচের পুরস্কার।
কলকাতার বোলারদের ওপর তান্ডব চালানো চেন্নাই সুপার কিংসের মুরালি বিজয়ের শট দারুণভাবে তালুবন্দী করেন সাকিব। বাউন্ডারির কাছ থেকে সাকিবের লুফে নেওয়া ক্যাচ চেন্নাইয়ের রানের গতি কমানোর পাশাপাশি খেলায় ফেরায় কলকাতাকে। তাই ম্যাচ শেষে ‘কার্বন কামাল ক্যাচ’ পুরস্কারের জন্য বাংলাদেশের সাকিবকে নির্বাচন করতে দ্বিতীয়বার ভাবতে হয়নি বিচারকদের।
‘গোল্ডেন প্লেয়ার’ সুনীল নারিন (কলকাতা নাইট রাইডার্স), উদীয়মান তারকা মানদীপ সিং (কিংস ইলেভেন পাঞ্জাব) এবং পেয়ার প্লের পুরস্কার জিতেছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রাহুল দ্রাবিড়। সবচেয়ে বেশি রান (৭৩৩) ও ছয়ের (৫৯) জন্য অরেঞ্জ কাপ পুরস্কার জিতেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিস গেইল। এছাড়া সর্বোচ্চ ২৫ উইকেট শিকারের জন্য পার্পল কাপ অ্যাওয়ার্ড জিতেছেন দিল্লি ডেয়ারডেভিলসের মর্নে মর্কেল।
এদিকে আইপিএলের পঞ্চম আসরে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ১০ কোটি রূপি প্রাইজমানি হিসেবে পাবে কলকাতা নাইট রাইডার্স। এছাড়া রানার্সআপ দল হিসেবে চেন্নাই সুপার কিংস পাবে ৭ কোটি ৫০ লাখ রূপি।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মে ২৮, ২০১২
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর