 |
ঢাকা: ইউরোজোনের অর্থমন্ত্রীরা অর্থনৈতিক সঙ্কটে আক্রান্ত স্পেনকে আরো ৩ হাজার কোটি ইউরো ঋণ সহায়তা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। দেশটির দুর্দশাগ্রস্ত ব্যাংকিংখাতকে সহায়তা দেওয়ার জন্য এ ঋণ সহায়তা অনুমোদন করা হলো বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
ইউরোজোনের অর্থমন্ত্রীরা এ প্রস্তাব অনুমোদন করলেও এখন তাদের নিজ নিজ দেশের পার্লামেন্টে এ সিদ্ধান্ত অনুমোদিত হতে হবে। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে চলতি জুলাই মাসের শেষ নাগাদ এ অর্থ চূড়ান্তভাবে হাতে পাবে স্পেন।
সোমবার ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকে ঋণসহায়তার বিপরীতে স্পেনকে দেওয়া ইইউ’র কঠোর শর্তও কিছুটা শিথিল করা হয়েছে। এর আগে বাজেট ঘাটতি এক বছরের মধ্যে তিন শতাংশের মধ্যে নামিয়ে আনার জন্য স্পেনকে সময় সীমা নির্ধারণ করে দিয়েছিলো ইইউ। তবে সোমবারের বৈঠকে এ সময়সীমার মেয়াদ আগামী ২০১৩ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। বৈঠকে অংশ নেওয়া অভিন্ন মুদ্রা ইউরো ব্যবহারকারী ১৭টি দেশের অর্থমন্ত্রীরা এ প্রস্তাব অনুমোদন করে। পরবর্তী পদক্ষেপ হিসেবে মঙ্গলবার দিনের শেষে ইউরোপীয় ইউনিয়নের ২৭ টি দেশের অর্থমন্ত্রী বরাবর এ সিদ্ধান্ত উপস্থাপন করা হবে।
এদিকে সঙ্কট কাটাতে অর্থনীতির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের জন্য স্পেনের প্রতি আহবান জানিয়েছে ইইউ। এ ব্যাপারে ইউরো গ্রুপ প্রেসিডেন্ট জেন ক্লদ জুকার বলেন, মাদ্রিদকে অবশ্যই তার অর্থনীতিকে নিয়ন্ত্রণে আনতে কঠোর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে অর্থনৈতিক সঙ্কট কাটাতে ইইউ’র পাশাপাশি জনগনের অর্থায়নও নিশ্চিত করতে হবে।
বৈঠক সামনে রেখে স্পেনীয় প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয় ঘোষণা দেন তার সরকার দেশের সরকারি দেনার পরিমান কমিয়ে আনতে খুব শীগগিরই আরও কঠোর পদক্ষেপ নেবে।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সোমবার অনুষ্ঠিত ইইউ অর্থমন্ত্রীদের দীর্ঘ বৈঠক শেষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ইইউ’র অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো তদারকির জন্য সৃষ্ট বেশ কয়েকটি পদে নতুন নিয়োগপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
ইউরো জোনের অর্থমন্ত্রীরা জেন ক্লদ জুকারকে ইউরো গ্রুপের প্রধান হিসেবে পুনরায় নিয়োগ দেন। পাশাপাশি জার্মান নাগরিক ক্লস রেগলিংকে ‘বেইল আইট তহবিল’ বা ইউরোপিয়ান স্টাবিলিটি মেকানিজমের(ইএসএম) প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর