 |
ক্যান্ডি: টি-টোয়েন্টিতে রাজসিক প্রত্যাবর্তন হলো অজন্তা মেন্ডিসের। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ছয় উইকেট নিয়ে দলকে জেতালেন ৮২ রানে।
শ্রীলঙ্কা: ১৮২/৪ (২০ ওভার)
জিম্বাবুয়ে: ১০০ (১৭.৩ ওভার)
ফল: শ্রীলঙ্কা ৮২ রানে জয়ী
টি-টোয়েন্টির ইতিহাসে মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে সেরা বোলিংটাও করলেন স্পিন উজার্ড মেন্ডিস। ছয় উইকেট নিয়েছেন ৮ রানে। চার ওভারের দুটিতে কোন রানও দেননি। আগের সেরা বোলিংও মেন্ডিসের। ২০১১ সালের ৮ আগস্ট পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬ রান দিয়ে পেয়েছিলেন ছয় উইকেট। ১ বছর ১০ দিনের ব্যবধানে নিজের রেকর্ড নিজেই ভাঙ্গেন মেন্ডিস।
হাম্বানটোটায় আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৮২ রান করে স্বাগতিক শ্রীলঙ্কা। দিলশান মুনাওয়েরা ও তিলকারতেœ দিলশানের ওপেনিং জুটিতে আসে ৫৪ রান। ১৭ রানে আউট হন মুনাওয়েরা। পরে দিলশান ৩৯ ও মাহেলা জয়াবর্ধনে ১৩ রান করে সাজঘরে ফেরেন। সেখান থেকে ইনিংসটাকে টেনে বড় করেন কুমার সাঙ্গাকারা ও জীবন মেন্ডিস। চতুর্থ উইকেটে তারা ৮.১ ওভার খেলে তোলেন ৯৪ রান। সাঙ্গাকারা রানআউট হন ৪৪ রানে। জীবন মেন্ডিস ৪৩ রানে অপরাজিত থাকেন।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে ধুকতে থাকে জিম্বাবুয়ে। জীবন মেন্ডিস ও অজান্তা মেন্ডিসের বল খেলতে না পেরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দুই মেন্ডিস মিলে শিকার করেন ৯ উইকেট। জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে যায় ১০০ রানে। তাদের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন হ্যামিলটন মাসাকাদজা। এছাড়া এলটন চিগুম্বুরা ১৯ ও ক্রেমার ১৭ রান করেন।
ক্যান্ডি সময়: ২৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১২
এসএ