ঢাকা: গত ১০ বছরে দেশের দারিদ্র্য কমেছে ২৫ শতাংশ। দারিদ্র্য কমার এ হার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। এটি অব্যাহত থাকলে ৬ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০১৫ সালের মধ্যে দারিদ্র্যের হার সহজেই ২২.৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে।
৬ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রাসমূহ অর্জনের অগ্রগতি শীর্ষক এক উপস্থাপনায় বুধবার এ তথ্য জানানো হয়।
শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপস্থাপনাটি প্রদান করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম।
উপস্থাপনায় প্রবৃদ্ধির হার ২০১১ অর্থবছরের ৬.৭% থেকে ২০১২ অর্থবছরে ৬.৩% এ নেমে যাওয়ার কথা উল্লেখ করে ৬ষ্ঠ
পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রা অনুযায়ী তা উন্নীত করতে (২০১৫ সালে ৮%) বিদেশি সহায়তা ও বিনিয়োগ দক্ষতার সাথে কাজে লাগানোর পরামর্শ দেওয়া হয়।
পরিকল্পনা মন্ত্রী আমাদের এ যাবৎ অর্জনসমূহকে টেকসই করতে এবং যেসব ক্ষেত্রে অর্জন ভাল হয়নি তার দুর্বলতা চিহ্নিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্ট ড. মসিউর রহমান, পরিকল্পনা কমিশনের সদস্য ড. ফজলুল বারী ও আব্দুল মান্নান হাওলাদার, বিআইডিএস-এর মহাপরিচালক এম কে মুজেরী বক্তৃতা করেন।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০১২
এনএস/