চট্টগ্রাম: পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি আইন-২০০১ এর সম্প্রতি সংশোধিত বিভিন্ন ধারা পুনর্বিবেচনার জন্য উপাচার্যের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা।
মঙ্গলবার দুপুরে সংগঠনের চবি শাখার সভাপতি মো. সারোয়ার জাহান খানের নেতৃত্বে উপাচার্যের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, গত ৩০ জুলাই ভূমি বিরোধ নিষ্পত্তি আইন ২০০১-এর সংশোধনী প্রস্তাবে মূল আইন থেকে ৬ (১)-(গ) ধারা এবং ১৩ (৩) উপ-ধারাটিতে পার্বত্য চট্টগ্রামের বসবাসরত মোট জনসংখ্যার ৫৫ শতাংশ বাঙালিদের ভূমি জরিপ কার্যক্রমে অংশগ্রহণ এবং সরকারি চাকরিতে উপেক্ষা করা হয়েছে।
এছাড়া পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের সদস্য হিসেবে বাঙালি প্রতিনিধি না থাকায় বিরোধপূর্ণ ভূমির মালিকানা নিশ্চিতকরণ প্রক্রিয়ায় সেখানে জমি কেনাবেচা বা সরকারি বন্দোবস্ত নিয়ে বাঙালিরা ন্যায়বিচার পাওয়ার বিষয়ে উদ্বিগ্ন বলেও এতে উল্লেখ করা হয়।
তাই আন্ত:মন্ত্রণালয়ের সভায় সংশোধিত এবং অনুমোদিত এসব সংশোধনী পুনরায় বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে এ দাবি জানানো হয়।
এ সময় অন্যদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
এমবিএম/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর