ঢাকা: গ্রিসের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন রক্ষণশীল নিউ ডেমোক্রেসি পার্টির প্রধান আন্তোনিস সামারাস। রোববারে অনুষ্ঠিত গ্রিসের পার্লামেন্ট নির্বাচনে তার নেতৃত্বাধীন দল পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয়।
তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সোস্যালিস্ট প্যাসোক এবং বামপন্থি ডেমোক্রেটিক লেফট দলের সঙ্গে জোট সরকার গঠনের জন্য আলোচনা শুরু করে দলটির নেতারা।
দল দুটির সঙ্গে সরকার গঠনের সমঝোতায় উপনীত হওয়ার অল্প সময় পরই বুধবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইইউ- আইএমএফ প্রস্তাবিত ব্যয়-সংকোচন নীতির সমর্থক হিসেবে পরিচিত দলটির প্রধান আন্তোনিস সামারাস।
অ্যাথেন্সের গ্রিক অর্থোডক্স চার্চে শপথ গ্রহণ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শপথ নেন তিনি।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুন ২০, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর