ঢাকা: বিভিন্ন ওয়েবসাইট ও ফেসবুকে শেয়ারবাজার সম্পর্কে পরামর্শমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রদানের মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
বৃহস্পতিবার এসইসি’র নির্বাহি পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “লক্ষ্য করা যাচ্ছে কিছু ওয়েবসাইট ও ফেসবুক লিংকের মাধ্যমে অর্থের বিনিময়ে বিভিন্ন সিকিউরিটিজের মূল্য সংবেদনশীল তথ্য আদান-প্রদান করা হচ্ছে এবং বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে যা সিকিউরিটিজ আইন পরিপন্থি এবং স্থিতিশীল পুঁজিবাজারের জন্য ক্ষতিকর। এ ক্ষেত্রে ফেসুবক কিংবা অন্য কোন অসমর্থিত সূত্র থেকে তথ্য সংগ্রহ করে বিনিয়োগ করা হলে তা দায় দায়িত্ব বিনিয়োগকারীর ওপর বর্তায় এবং আর্থিক ক্ষতির সমূহ সম্ভবনা থাকে।”
ফেসবুক বা অন্য কোনো অসমর্থিত সূত্র থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে বিনিয়োকারীদের প্রলোভিত করার জন্য আইন শৃংখলা বাহিনীর সহায়তায় কমিশন কিছু ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, ফেসবুকে ইদানীং বেশ কয়েকটি গ্রুপ দেখা যাচ্ছে যারা পরবর্তী কার্যদিবসে কোন শেয়ারের দর কত বাড়তে পারে এবং কোন শেয়ারের দর কমতে পারে এ সংক্রান্ত মন্তব্য দিচ্ছে। শেয়ার কেনার পরামর্শও দিয়ে থাকে তারা।
এছাড়া, কিছু ওয়েবসাইট রয়েছে যারা বিনিয়োগকারীদের তহবিল সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। এর ভিত্তিতে এক একজন বিনিয়োগকারীকে এক এক ধরনের পরামর্শ দিয়ে থাকে।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১২
এইচএমএম/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর