ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষক লাঞ্ছিত করার দায়ে ছাত্রলীগের ৬ কর্মীকে স্থায়ী বহিষ্কার করেছে জবি প্রশাসন। এছাড়া একজনের পরীক্ষার ফল প্রকাশ স্থগিত ও অপর একজনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ৪৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে দোষীদের বহিষ্কারের ঘটনাকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম আকন্দ।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১ মে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মিন্টু আলী বিশ্বাসসহ তিন শিক্ষককে লাঞ্ছিত করা হয়।
পরে লাঞ্ছিত তিন শিক্ষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ ঘটনায় জড়িতদের স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
ঘটনা তদন্তে গঠিত কমিটির রিপোর্ট, বিশ্ববিদ্যালয় আইন-শৃঙ্খলা কমিটির সুপারিশ ও সিন্ডিকেটের সিদ্ধান্তে ৬ ছাত্রকে স্থায়ী বহিষ্কার করা হয় বলে জানায় জবি প্রশাসন।
স্থায়ীভাবে বহিষ্কৃতরা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তর (১ম ব্যাচ) শ্রেণীর ২০০৫-০৬ শিক্ষাবর্ষের ছাত্র মো. আতাউল গণি ওসমান ইমন, অর্থনীতি বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণীর ২০০৫-০৬ শিক্ষাবর্ষের সঞ্জীব বসাক ও মো. ছাহিদুল হক মানিক, বাংলা বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণীর ২০০৫-০৬ শিক্ষাবষের্র মো. শাহাদাত হোসেন ও মো. নুরুদ্দীন সুমন এবং দর্শন বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষের ভূপতি কুমার রায় প্রশান্ত।
এদিকে একই সিন্ডিকেটে অর্থনীতি বিভাগ ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষের হিরম কুমার রায়ের স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল প্রকাশের দিন থেকে ৬ (ছয়) মাস স্থগিত রাখার সিদ্ধান্ত হয়।
একই সঙ্গে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণীর ২০০৫-০৬ শিক্ষাবষের্র ছাত্র মো. এসএম জোবায়ের হুসাইনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়।
দলীয় সূত্র জানায়, শাস্তি পাওয়া সব ছাত্রই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী। তবে দুষ্কৃতিকারীদের বহিষ্কার করায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগও সন্তোষ প্রকাশ করেছে।
বহিষ্কারের ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম আকন্দ বাংলানিউজকে বলেন, ‘বহিষ্কৃতরা ও শাস্তিপ্রাপ্তরা ছাত্রলীগের নেতাগোছের কেউ নয়। এরা সবাই দুষ্কৃতিকারী। বিশ্ববিদ্যালয় প্রশাসন এদের বিচার করেছে। এ ঘটনাকে স্বাগত জানাই।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অশোক কুমার সাহা বাংলানিউজকে বলেন, ‘অপরাধীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে সিন্ডিকেটের এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায়ে সহায়তা করবে।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মে ৩০, ২০১২
এমএমএস/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর