ঢাকা: মিশরের খসড়া সংবিধান প্রণয়ন করা হয়েছে। খসড়া সংবিধানের ওপর বৃহস্পতিবার সাংবিধানিক গণপরিষদে ভোট হতে পারে বলে আশা করা যাচ্ছে।
গণপরিষদের বিলুপ্তি ঘোষণার ওপর আগামী রোববার সাংবিধানিক আদালত রুল জারি করতে পারেন বলে জানা গেছে।
গত সপ্তাহে মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি নিজের হাতে রাষ্ট্রের সর্বময় ক্ষমতা রেখে ডিক্রি জারি করেন। এর প্রতিবাদে দেশটির বিচারকরা মুরসি ও তার ইসলামপস্থী সমর্থকদের বিরুদ্ধে অবস্থান নেন। ডিক্রি জারির পরই মিশরজুড়ে তীব্র বিক্ষোভ শুরু হয়।
ডিক্রির আওতায় মুরসির সিদ্ধান্ত কোনো কর্তৃপক্ষ, এমনকি বিচার বিভাগও বাতিল করতে পারবেন না। নতুন সংবিধান না হওয়া পর্যন্ত এ ডিক্রির বৈধতা থাকবে।
গত বুধবার পর্যন্ত বিক্ষোভ চলার পর সাংবিধানিক গণপরিষদের কর্মকর্তারা জানান, সংবিধান প্রণয়নের জন্য মুরসি গণপরিষদকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় দিলেও ইতিমধ্যে খসড়া সংবিধান প্রণয়নের কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবারই খসড়া সংবিধানের ওপর ভোট হতে পারে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
মুরসির সমর্থক মুসলিম ব্রাদারহুড ও অন্যান্য ইসলামী দলগুলোই সাংবিধানিক গণপরিষদে প্রাধান্য বিস্তার করছে। ইসলামপন্থীরা তাদের লক্ষ্য অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে-এমন অভিযোগ করে উদারপন্থী, বামপন্থী ও খ্রিস্টান সদস্যরা সাংবিধানিক গণপরিষদকে বয়কট করেছেন।
আদালত ইতিমধ্যে মুসলিম ব্রাদারহুডের নেতৃত্বাধীন মিসরের পার্লামেন্টের নিম্নকক্ষকে বিলুপ্ত করেছেন।
খসড়া সংবিধান সাংবিধানিক গণপরিষদে অনুমোদিত হলে, এটি বাস্তবায়নের জন্য গণভোটের আয়োজন করা হবে।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ২৯,২০১২
সম্পাদনা: কামরুননাহার, নিউজরুম এডিটর eic@banglanews24.com