 |
ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেন শেষ হয়েছে মূল্যসূচকের উর্ধ্বমুখী প্রবণতায়।
মঙ্গলবার লেনদেন শেষে উভয় এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও সূচক বেড়েছে। তবে লেনদেন কমেছে উভয় এক্সচেঞ্জেই।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। যদিও লেনদেনের এক পর্যায়ে সূচক চার হাজার পয়েন্টের নিচে নেমে আসে।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। বেলা ১১টার দিকে সূচক সোমবারের চেয়ে ১৮ পয়েন্ট কমে। এরপর সূচকের উর্ধ্বমুখী প্রবনতা শুরু হয়, যা লেনদেন শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকে।
মঙ্গলবার ডিএসইতে মোট ২৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৮ টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৬০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। যা গতকালের ৫০ কোটি টাকা কম।
ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো- ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, এনভয় টেক্সটাইল, জেনারেশন নেক্সট ফ্যাশন, এনবিএল, বিএসসিসিএল, ইউসিবিএল, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আরএন স্পিনিং ও ইসলামী ব্যাংক।
অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক গতকালের চেয়ে ১৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪২০ পয়েন্টে।
সিএসইতে লেনদেন হওয়া ১৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১১৮ টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের দাম। সিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২২ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে সাত কোটি টাকা কম।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২
জেএ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/আরআই