নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের দক্ষিণ রেহানিয়ায় শ্বশুর বাড়িতে আক্তার হোসেন (২৫) নামে যুবককে পিটিয়ে হত্যার পর তার মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দিনগত রাতে এ ঘটনা ঘটে । গুরুতর অবস্থায় রাতে তাকে হাতিয়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করলে শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
খবর পেয়ে হাতিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
আক্তার উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের হামিদিয়া বাংলাবাজার এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।
হাতিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান বাংলানিউজকে জানান, তিন মাস আগে চরঈশ্বর ইউনিয়নের হামিদিয়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে আক্তার হোসেনের সঙ্গে বুড়িরচর ইউনিয়নের দক্ষিণ রেহানিয়া গ্রামের হামিদ উল্যাহর মেয়ে নাছিমা আক্তারের বিয়ে হয়।
বিয়ের পর থেকে নাছিমা শ্বশুর বাড়িতে আসতে চাইতো না। এ নিয়ে দু’পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বৃহস্পতিবার দিনগত রাতে আক্তার শ্বশুর বাড়িতে গেলে স্ত্রী নাছিমার সঙ্গে তার মনোমালিন্য ও ঝগড়া হয়।
পুলিশ জানায়, লাশের শরীরে আঘাতের চিহৃ ও মুখে বিষের আলামত পাওয়া গেছে। এ বিষয়ে আক্তার হোসেনের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই শাহজাহান।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
সম্পাদনা: ইয়াসিফ আকবর/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর