 |
নিউইয়র্ক : বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী নিউইয়র্কে প্রবাসীদের এক সমাবেশে বলেছেন, ‘বৃটেনের মতো আমেরিকায়ও বাংলাদেশিদের ইতিবাচক অগ্রগতি ঘটছে। অচিরেই মার্কিন সিনেটে বাংলাদেশিদের দেখতো পাবো বলে আশা করছি।’
তিনি বলেন, প্রবাসে বাংলাদেশিদের মেধার প্রতিফলন ঘটছে প্রতিটি স্তরে। এছাড়া স্ব স্ব দায়িত্বের প্রতিও তারা অত্যন্ত নিষ্ঠাবান। ৬ সেপ্টেম্বর প্রবাসী সিলেটবাসী আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন। সভাপতিত্ব করেন মোস্তফা কামাল এবং পরিচালনা করেন আব্দুন নূর বগ ভূইয়া।
জ্যামাইকার একটি রেস্টুরেন্টে এ সমাবেশে কম্যুনিটির সর্বস্তরের প্রতিনিধিত্বকারী লোকজনের সমাগম ঘটে। ১/১১ পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশে দায়িত্ব পালনকালে আনোয়ার চৌধুরীর ভূমিকার ব্যাপারে প্রবাসীদের ব্যাপক কৌতুহল রয়েছে। তার পরিপ্রেক্ষিতে অনেকে এসেছিলেন এবং তার বক্তব্যে আপ্লুত হয়েছেন।
যদিও বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর কোন কথা বলেননি। তিনি বাংলাদেশের সম্ভাবনার কথা বলেছেন। বৃটেনে বাঙালির অবিস্মরণীয় উত্থানের পাশাপাশি আমেরিকায়ও উজ্জ্বল সম্ভাবনা দেখছেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশি আমেরিকানরা ঐক্যবদ্ধভাবে মূলধারায় সম্পৃক্ত হলে অচিরেই তারা ইউএস সিনেটেও আসন নিতে সক্ষম হবেন।
ড. মোমেন জাতিসংঘে বাংলাদেশের ভূমিকার আলোকপাত করেন এবং বলেন, বাংলাদেশ এখন ক্ষেত্রেই মডেল হিসেবে বিবেচিত হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণের জন্যে।
বাংলাদেশ সময় : ১৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com