ঢাকা: লিওনেল মেসি খেলেন এবং খেলান, দলকে জেতানও। তার হ্যাট্রিকে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে রোববার প্রীতি ম্যাচে ৪-৩ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
খেলা কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিলো স্কোর লাইন দেখে তা বোঝা যায়। ৯০ মিনিটে সাতটি গোল হয়েছে। মেসি একাই করেছেন তিন গোল। বার্সেলনার মেসি এখন জাতীয় দলেরও। মেসি ছাড়া যে আর্জেন্টিনা অচল তা দেখালেন ব্রাজিলের বিপক্ষে।
ব্রাজিলই আগে গোল করে এগিয়ে যায়। রামালো নিশানায় বল পাঠিয়ে দলকে ১-০’তে এগিয়ে নেন। নেইমারের ফ্রি কিক থেকে ভেসে আসা বল গোলের জন্য বানিয়ে দিয়েছিলেন রামালোর আরেক সতীর্থ।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বেশিক্ষণ লিড ধরে রাখতে দেন নি মেসি। আট মিনিটের ব্যবধানে আর্জেন্টিনাকে সমতায় ফেরান। গোলের খাতা খোলার পর তিন মিনিটের মাথায় ব্যবধান বাড়িয়ে নেন আর্জেন্টাইন সুপার স্টার। প্রথমার্ধে ১-২ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ব্রজিল।
পরের অর্ধে মাঠে ফিরে ভাগ্যের চাকা ঘুরিয়ে নেয় ব্রাজিল। গোল শোধ দেওয়ার পাশাপাশি লিডও নেয়। অস্কার ৫৬ এবং হাল্ক ৭২ মিনিটে গোল করলে ৩-২ এ এগিয়ে যায় কোচ মানো মেনেজেসের দল। এবারও ব্রাজিলকে লিড ধরে রাখতে দেয়নি আর্জেন্টিনা। ৭৬ মিনিটে ফেডেরিকো ফার্নান্দেজ সমতা ফেরান। জয়ের জন্য বাকি গোলটি করেন মেসি। ৮৫ মিনিটে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন।
মেসির পায়ের জাদুর সামনে ম্লান দেখিয়েছে ব্রাজিল তারকা নেইমারের পারফরমেন্স। খেলায় সে ভাবে তাকে খুঁজেও পাওয়া যায়নি। ব্রাজিলকে এভাবে হারিয়ে দেওয়ার পর পেলে এরপর নিশ্চয়ই মেসির সঙ্গে নেইমারের তুলনায় যাবেন না। উল্টো ব্রাজিলিয়ানদের একহাত নিলে ভালো করবেন।
বাংলাদেশ সময়: ০৩২২ ঘণ্টা, জুন ১০, ২০১২
এসএ