চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা এলাকায় সড়ক দুর্ঘটনায় ফরিদ মিয়া (৩০) নামে এক যুবক নিহত এবং ২ জন আহত হয়েছেন।
রোববার সকাল ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২টি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত ফরিদ বগুড়া জেলার আদমদিঘি উপজেলার কেশড্ডা গ্রামের বশির মিয়ার ছেলে।
আহতরা হলেন- বগুড়া জেলার কেশড্ডা উপজেলার মোস্তফা (৩২) ও রশিদ (২০)। তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে আহত রশিদ (২০) বাংলানিউজকে জানান, সকালে বগুড়া থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী চালবাহী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে চালবাহী ট্রাকটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই এই ট্রাকে থাকা ফরিদ মারা যান। এ ঘটনায় আহত হন ওই ২ জন।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোক্তার ঘটনাটি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুর্ঘটনা কবলিত একটি ট্রাক ঘটনাস্থলে রয়েছে তবে অপর ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়।
তিনি আরো জানান, ট্রাকের মালপত্র এবং ট্রাক উদ্ধারের কাজ চলছে।
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জুন ১৭, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু/শিমুল সুলতানা, নিউজরুম এডিটর