 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: গ্রামীণফোন প্রিমিয়ার লিগ ফুটবলে পঞ্চম জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বুধবার তারা ৪-২ গোলে হারায় রহমতগঞ্জকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৫ মিনিটেই শেখ জামালকে এগিয়ে দেন সোহেল রানা। প্রায় ৩০ গজ দূর থেকে নিপুণভাবে লক্ষ্যভেদ করে দলকে প্রথমবারের মতো উৎসবে মাতান এই ফিডফিল্ডার। এক মিনিট পরই তৌহিদুল আলম সবুজের গোলে ব্যবধান দ্বিগুণ করে ধানমন্ডির ক্লাবটি। ডানপ্রান্ত থেকে নাইজেরিয়ান স্ট্রাইকার জোসেফ আফুসির বাড়িয়ে দেওয়া ক্রসে হেডে জালে বল জড়ান সবুজ।
৬০ মিনিটে শেখ জামালকে তৃতীয় গোলটি উপহার দেন আতিকুর রহমান মিশু। বক্সের ডানপ্রান্ত থেকে রহমতগঞ্জের রক্ষণব্যুহ ভেদ করে আফুসি কাট ব্যাক করেন মিশুর উদ্দেশ্যে। পোস্টের সামনে থেকে টোকা দিয়েই নিশানাভেদ করেন। ৭৩ মিনিটে পেনাল্টি থেকে রহমতগঞ্জের পক্ষে ব্যবধান কমান তাদের উগান্ডার ফরোয়ার্ড ইদ্রিস কাসরিয়ে।
৮১ মিনিটে শেখ জামালও পেনাল্টি পেয়েছিলো। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি নাইজেরিয়ান স্ট্রাইকার কেস্তার আকন। কেস্তারের পেনাল্টি শটটি ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন গোলরক্ষক শাকিল। তবে পাঁচ মিনিট পর ঠিকই গোল আদায় করেন এই নাইজেরিয়ান। মাঝমাঠ থেকে আক্রমণ গড়ে রহতগঞ্জের কফিনে শেষ পেরেক ঠুকেন তিনি। ইনজুরি সময়ে নাইজেরিয়ান ফরোয়ার্ড নিচে ফ্রান্সিসের গোলে ব্যবধান কমায় (৪-২) রহমতগঞ্জ।
এ জয়ে ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকায় পঞ্চমস্থানে উঠেছে শেখ জামাল। সমান ম্যাচে নয় পয়েন্ট নিয়ে তালিকায় সবার নিচে রহমতগঞ্জ।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মে ২৩, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস