 |
ঢাকা: ঈদের দিন থেকে গ্রামীণফোনের একগুচ্ছ বিরতিহীন নাটক প্রচারিত হচ্ছে। দেশের নয়টি চ্যানেলে নাটকগুলো প্রচার শুরু হচ্ছে শনিবার ঈদের দিন থেকেই। দেশের নামকরা নির্মাতারা নির্মাণ করেছেন এ সব নাটক। যাতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা।
প্রতিটি ঈদের আনন্দ দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে সব চ্যানেলেরই থাকে বিশেষ কিছু আয়োজন। এর পেছনে প্রযোজকদেরও থাকে বড় ধরনের বিনিয়োগ। কলাকুশলীরাও চেষ্টা করেন নিজের সবচেয়ে ভালো কাজটা উপহার দিতে। কিন্তু এসবই আশানুরূপ ফল পায় না বিজ্ঞাপনের আধিক্যের কারণে।
বিজ্ঞাপনমুক্ত হয়ে তাই বিরতিহীন নাটক প্রচারে এগিয়ে এসেছে শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।
নাটকগুলোর মধ্যে রয়েছে, তামিম রহমান অংশু পরিচালিত ‘লাবুস লুঙ্গি’। অভিনয়ে বিন্দু ও সজল। ঈদের দিন শনিবার রাত ৯টা ৩০ মিনিটে দেশ টিভিতে প্রচার হবে।
গোলাম সোহরাব পরিচালিত ‘সী – সার্প’। অভিনয়ে সাবা, ইরেশ জাকের, রোমানা ও বাপ্পা। ঈদের দিন রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল ২৪-এ প্রচার হবে। সৈয়দ জামিম পরিচালিত ‘হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’। অভিনয়ে মেহজাবিন, মুনমুন, মম ও সজল। ঈদের পরদিন রোববার রাত ৮টা ৪৫ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচার হবে।
রেদোয়ান রনি পরিচালিত ‘চতুষ্কোণ’। অভিনয়ে রনি, জামিল, সজল ও ইশতিয়াক। ঈদের ৩য় দিন সোমবার রাত ৮টা ১০টায় বাংলাভিশনে প্রচার করা হবে। সকাল আহমেদ পরিচালিত ‘লোকটি বউকে অনেক ভালোবাসত’। অভিনয়ে অপর্ণা, বিজরী, তৃষা ও সেলিম। ঈদের ৩য় দিন রাত ১০টা ৩০ মিনিটে চ্যানেল নাইনে প্রচার হবে।
ইশতিয়াক আহমেদ রুমেল পরিচালিত ‘ওল্ড বনাম নিউ’। অভিনয়ে নাঈম, মিশু, ভাবনা, উর্মিলা ও আবুল হায়াত। ঈদের ৪র্থ দিন মঙ্গলবার রাত ৯টা ১৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে। ফয়সাল রাজীব পরিচালিত ‘শুধু ভালবাসি বলে’। অভিনয়ে আবুল হায়াত, অর্ষা ও উজ্জ্বল। ঈদের ৫ম দিন বুধবার রাত ৮টা ০৫ মিনিটে জিটিভিতে প্রচার করা হবে। ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘লাইভ শো’। অভিনয়ে মোশাররফ করিম, নাফিসা। ঈদের ৫ম দিন বুধবার রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে প্রচার হবে।
অলিভ আহমেদ পরিচালিত ‘আহ প্রেম অথবা আগডুম বাগডুম’। অভিনয়ে রওনক হাসান, রোমানা ও মৌটুসি। ঈদের ৬ষ্ঠ দিন বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটে বৈশাখীতে প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১২
এমআইআর/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর