 |
ঢাকা: সিরিয়ার সহিংসতার নিন্দা জানাতে এবং সংঘাত অবসানে নিরাপত্তা পরিষদের ক্রমাগত ব্যর্থতার সমালোচনা করে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রস্তাবে সিরিয়ার সহিংসতা থামাতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্যর্থতার কঠোর সমালোচনা করা হয়েছে।
সাধারণ পরিষদে এ প্রস্তাব অনুমোদিত হলেও এটি আইনগতভাবে কোনো ধরণের বাধ্যবাধকতা আরোপ করবে না, তবে এ উদ্যোগ সিরিয়া সঙ্কট সমাধানে নিরাপত্তা পরিষদের ওপর চাপ আরও প্রবল হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
আন্তর্জাতিক অঙ্গনে সিরিয়ার অন্যতম মিত্র রাশিয়া ও চীন এর আগে সহিংসতা বন্ধে দামেস্কের ওপর আরোপিত জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রস্তাব ভেটো দিয়ে আটকে দিয়েছিলো।
এদিকে সিরিয়ার শান্তি আনার সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার প্রেক্ষিতে সিরিয়া বিষয়ক জাতিসংঘ-আরবলিগ বিশেষ দূত কফি আনান বৃহস্পতিবার দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন।
সিরিয়ার সহিংসতা অবসানের জন্য ছয়দফা বিশিষ্ট শান্তি পরিকল্পনার স্থপতি ছিলেন তিনি। কিন্তু তার পরিকল্পনার শর্তাবলী সংঘাতে লিপ্ত উভয় পক্ষই অব্যাহতভাবে লঙ্ঘণ করায় শান্তি উদ্যোগটি দৃশ্যত অকার্যকর হয়ে পড়ে।
বৃহস্পতিবার দেওয়া ঘোষণায় কফি আনান বলেন, সিরিয়ার অব্যাহত সহিংসতা তার কাজকে অসম্ভব করে তুলেছে। তিনি একই সঙ্গে সিরিয়ার সহিংসতা মোকাবেলায় কার্যকর কোনো পদক্ষেপ নিতে না পারায় নিরাপত্তা পরিষদেরও সমালোচনা করেন। নিরাপত্তা পরিষদ সহিংসতা অবসানে শুধুমাত্র কালক্ষেপণ ছাড়া অন্য কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বিশ্লেষকদের মতে মধ্যস্থতা থেকে কফি আনানের সরে যাওয়ায় স্পষ্ট প্রতীয়মান সিরিয়ার সহিংসতা অবসানে রাজনৈতিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
এদিকে বৃহস্পতিবারও সিরিয়া জুড়ে রক্তের বন্যা বয়ে গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। আলেপ্পো নগরীতে সরকারি সেনা এবং বিদ্রোহীদের মধ্যে সংঘাত বৃহস্পতিবারও অব্যাহত ছিলো। এছাড়া একই দিনে আলেপ্পোর দক্ষিণে অবস্থিত হামা নগরীতে ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
এছাড়া দামেস্কের দক্ষিণাঞ্চলের ইয়ারমুকে অবস্থিত একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে গোলার আঘাতে দশ জন নিহত হয়। মর্টারের গোলা আঘাত হানলে এ প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। উভয় পক্ষই এ ঘটনার জন্য একে অপরকে দোষারোপ করছে।
১৭ মাস ধরে চলা সিরিয়ার সহিংসতায় এ যাবত প্রায় ২০ হাজার লোক নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক লোক।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর