 |
লন্ডন: অলিম্পিকে মেয়েদের ওয়াটারপোলো ইভেন্টে প্রথম বারের মতো স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্র। ফাইনালে স্পেনকে ৮-৫ ব্যবধানে হারিয়ে পদক জিতেছে তারা।
দ্বিতীয় কোয়ার্টারে যুক্তরাষ্ট্র খেলার নিয়ন্ত্রণ নেওয়ার আগে প্রথম কোয়ার্টারে ২-০ তে এগিয়ে ছিলো স্পেন। দুটি গোলই করেন স্প্যানিশ অধিনায়ক জেনিফার পারেসা। দ্বিতীয় কোয়ার্টারে যুক্তরাষ্ট্রকে এগিয়ে নেন হিদার পেট্রি, মেলিসা সেইডেমান ও ব্রেন্ডা ভিলা (৩-২)। প্রত্যেকেই করেন একটি করে গোল।
শেষ কোয়ার্টারে যুক্তরাষ্ট্রের বিপক্ষে পেরে উঠেনি স্পেন। তৃতীয় কোয়ার্টারে একাই পাঁচ করে দলের জয় নিশ্চিত করেন ম্যাগি স্টিফেনস। এই পর্বে তিনটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি স্পেন।
২০০০ সালে সিডনি অলিম্পিকে মহিলা ওয়াটারপোলো অন্তর্ভুক্ত হওয়ার পর দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জপদক জিতেছে যুক্তরাষ্ট্র। তবে লন্ডনে দারুণ পারফরমেন্স করে প্রথম বারের মতো ইভেন্টের স্বর্ণ জিতেছে তারা।
এদিকে হাঙ্গেরিকে হারিয়ে ব্রোঞ্জপদক জিতেছে অস্ট্রেলিয়া। তারা ১৩-১১ গোলে হারায় হাঙ্গেরিকে। নির্ধারিত সময়ে ১১-১১ ব্যবধানে সমতা থাকলেও অতিরিক্ত সময়ে দুটি গোল করে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন গেমা বেয়াডসওয়ার্থ।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
সিজি