নয়া দিল্লি: মাঠের বাইরে যতটা নম্র ও শান্ত ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি; ভেতরে ঠিক উল্টো। প্রতিপক্ষ তার আক্রমণাত্মক মেজাজই দেখতে পায়। এনিয়ে চিন্তিত নন ভারতীয় ক্রিকেট দলের সহঅধিনায়ক, ‘আমার মনে হয় না এথেকে সরে আসার উচিৎ হবে।’
নিজের আগ্রাসী মেজাজকে বাড়তি পাওনা হিসেবে মনে করেন বিরাট। তাই অকপটে বলেন, ‘আক্রমণাত্মক মেজাজ আমার কাছে প্লাস পয়েন্ট। এ জন্যই মাঠে এখনো ভালো পারফর্ম করি। এটাকে কমিয়ে আনার কোনো চিন্তা নেই। স্বীকার করি, মাঝেমধ্যে ভুল হয়ে যায়। তাই সর্তক হতে হবে আমাকে।’
সঙ্গম ইন্ডিয়ার পণ্য দূত হিসেবে কোম্পানির নতুন প্রোডাক্টের প্রচার অনুষ্ঠানে গিয়ে এমন মন্তব্য করেন ডানহাতি ক্রিকেটার। এ ছাড়াও তার সঙ্গে চুক্তি রয়েছে নাইক, রয়্যাল চ্যালেঞ্জ, ফাস্ট ট্যাক, পেপসি, ফেয়ার অ্যান্ড লাভলি, ফ্লাইং মেশিন, থ্রিসি কোম্পানি, টিভিসি এবং রেড চিপের।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুন ১৬, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস