 |
ঢাকা : সরকারকে আয় বুঝে ব্যয়ের পরামর্শ গভর্নরের রাজস্ব আদায় কত হবে, বিদেশ থেকে কি পরিমাণ অর্থ আসবে এসব বিবেচনা করে ব্যয়ের পরিকল্পনা নিতে হবে। যাতে করে ব্যাংকিং খাত চাপের মধ্যে না পড়ে। অর্থনীতি ঝুঁকিতে না পড়ে।
শনিবার রাজধানীর রেডিসন হোটেলে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সরকারের উদ্দেশ্যে এমন পরামর্শ দিয়েছেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর আয়োজন করে। সম্প্রতি গভর্নরের ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক প্রাপ্তি উপলক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন তফসিলি ব্যাংকের চেয়ারম্যান, শীর্ষ ব্যবসায়ী, ব্যাংকের পরিচালক এবং প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।
বিএবি’র পরিচালক নুরুল ফজল বুলবুলের পরিচালনায় অনুষ্ঠানে বিএবি’র সাবেক সভাপতি হাজী আকরাম উদ্দীন আহমদে ও তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সভাপতি নুরুল আমিন বক্তব্য রাখেন।
ড. আতিউর রহমান আশা প্রকাশ করে বলেন, ‘যদিও বলা হচ্ছে প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশ হবে বলে মনে হচ্ছে, কিন্তু আমি আশা করছি বছর শেষে প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশ হবে। কারণ, যে বোরোর ফসল হয়েছে তা এখনো হিসেবে নেওয়া হয়নি। তবে আমাদের প্রবৃদ্ধি হবে গুণগত মানের। কারণ, এতে কৃষক, নারী, ব্যবসায়ী সবার অংশগ্রহণ রয়েছে।’
তিনি ব্যাংকারদের উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা জনগণের টাকা ব্যবস্থাপনা করছেন। মনে রাখবেন, ব্যাংকে আপনাদের অংশ কতো, আর জনগনের টাকা কতো। জনগনের টাকার হেফাজত করতে হবে। সুশাসনের মাধ্যমে ব্যাংক পরিচালনা করবেন। ব্যবস্থাপকদের কথা শুনবেন। তাদেরকে বিশ্বাস করবেন।’
তিনি আরো বলেন, ব্যাংকিং খাতে যে পুঁজি তা জাতীয় বাজেটের চেয়ে বেশি। তাই এই অর্থ উৎপাদনশীল খাতে ব্যবহার করা হলে দেশ এগিয়ে যাবে।
নজরুল ইসলাম মজুমদার বলেন, ‘ব্যাংকিং খাত নিয়ে কতো কথা, কতো টানাটানি। কিছু হলেই পত্রিকায় খবর চলে আসে। আমরা জানার আগেই পত্রিকাগুলোকে খবর দিয়ে দেওয়া হয়। গভর্নরের কাছে অনুরোধ, দয়া করে এটি বন্ধ করবেন।’
২ শতাংশ শেয়ার কেনার শর্তের পরে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ খালি হয়ে যাচ্ছে উল্লেখ করে মজুমদার বলেন, এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ নেওয়া জরুরি। কারণ, এতো টাকা দিয়ে অনেকের পক্ষে ২ শতাংশ শেয়ার কেনা সম্ভব হচ্ছে না।
হাজী আকরাম বলেন, ‘ব্যাংকিং খাত অর্থনীতির মূল ভিত্তি। আমাদের সুযোগ দিলে আমরা দেশের জন্য অনেক কিছু করতে পারবো। যে পদ্মা সেতুর জন্য এতো দেন-দরবার, সেটি আমাদের দিয়ে দেওয়া হোক। আমরা সবাই মিলে এটি করে দিতে পারবো।’
বাংলাদেশ সময় : ২২১০ ঘণ্টা, জুন ০২, ২০১২
এসএআর/সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর