 |
নিউইয়র্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মিথ্যা মামলায় গ্রেফতারের নিন্দা জানিয়ে তাকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবিতে জাতিসংঘের সদরদপ্তরের সামনে মানববন্ধন করেছেন যুক্তরাষ্ট্র বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা।
নিউইয়র্ক স্টেট বিএনপি, যুক্তরাষ্ট্র জাসাস, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সার্বিক সহযোগিতায় বিপুলসংখ্যক নেতা-কর্মী মানববন্ধনে অংশ নেন।
বিভিন্ন সংগঠনের ব্যানার, ফেস্টুন ও জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি নিয়ে নেতা-কর্মীরা মানববন্ধনে যোগ দেন।
এসময় উপস্থিত ছিলেন শরাফত হোসেন বাবু, বেলাল মাহমুদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি নুর মোহাম্মদ, জাসাস আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ মো. আতিকুর রহমান, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান সাইদ, মো. রফিকুল আলম, মো. সেলিম রেজা, দিদারুল আলম প্রমুখ।
মানববন্ধন শেষে মহাসচিব বান কি মুন বরাবর একটি স্মারকলিপি হস্তান্তর করেন যুক্তরাষ্ট্র বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা।
রোববার যুক্তরাষ্ট্র সময় দুপুর ২টায় জাতিসংঘ যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গ্রেটার ওয়াশিংটন বিএনপির সভাপতি শরাফত হোসেন বাবু ও বিএনপির সহযোগী সংগঠনের প্রধান সমন্বয়কারী বেলাল মাহমুদ স্বাক্ষরিত এ স্বারকলিপিটি বান কি মুন বরাবর প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, ‘‘ফ্যাশিষ্ট শেখ হাসিনার সরকার বাংলাদেশের জনগণের জন্য একটি বিরাট বোঝা। হত্যা, খুন, নির্যাতন, ধর্ষণের কারণে বাংলাদেশ এখন একটি আতঙ্কের নাম। আওয়ামী লীগ ও তাদের সহযোগী ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীদের হাতে অবরোধ চলাকালে বিশ্বজিতের মত নিরীহ যুবককে প্রাণ দিতে হয়েছে।”
স্মারকলিপিতে আরো বলা হয়, ‘‘শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে। তিনি এবং তার সরকার বাংলাদেশে উত্তরণের সব সুযোগ বন্ধ করার লক্ষ্যে বিরোধী দলের মূল দাবি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রত্যাখ্যান করে এক দলীয় সরকার প্রতিষ্ঠার জন্যে কাজ করছে।’’
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও প্রবাসীদের পক্ষ থেকে শেখ হাসিনার দুঃশাসনের বিবরণ জানিয়ে নেতারা বিরোধীদলীয় নেতা-কর্মীদের ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানী, গ্রেফতার ও নির্যাতনের কথাও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সব মামলা প্রত্যাহার করে অনতিবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানানো হয়।
শেখ হাসিনা ও তার সরকার নির্বাচন কমিশনের ওপর যাতে হস্তক্ষেপ করতে না পারে সেজন্য তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু করার জন্য সরকারের প্রতি চাপ প্রয়োগের জন্যেও অনুরোধ করা হয় স্মারকলিপিতে।
বংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১২
সম্পাদনা: কাজল কেয়া ও মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর