 |
| ছবি:আশিক/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: পবিত্র শবে বরাত উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে টুপি-আতর ও তাসবির দোকানে লেগেছে মানুষের ভীড়। মুসলিমদের জন্য মহিমান্বিত এ দিনে নফল ইবাদতে মশগুল থাকতে প্রয়োজনীয় এসব জিনিস কেনার জন্য প্রতিবছরই এমন ভীড় জমে।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে টুপি-আতরের দোকানে এ ভীড় লক্ষ্য করা গেছে। রাজধানীর বাইতুল মোকাররম মার্কেটে টুপির দোকানগুলোতে চলছে জমজমাট বিক্রি। ক্রেতাদের চাহিদা মেটাতে দোকানীদের ব্যস্ত সময় কাটছে।
শবে বরাত উপলক্ষে হরেক রকম ডিজাইনের টুপি-আতর আর তাসবীহের পসরা সাজিয়ে বসেছে দোকানীরা। নিত্য নতুন মডেলের টুপিও শোভা পাচ্ছে সেখানে। তবে সাধারণ ক্রেতাদের নতুন মডেলের প্রতি খুব একটা আগ্রহ নেই বলে জানিয়েছেন টুপি বিক্রেতা শাহাবুদ্দিন।
তিনি বলেন, ‘নিত্য ব্যবহারের জন্য মানুষ কমন টুপিই বেশি কিনছে। তরুণ ক্রেতারা ডিজাইন করা টুপি পছন্দ করেন। তবে আমাদের কাছে সবসময়ের জন্য ব্যবহৃত কমন ডিজাইনের টুপিই বেশি বিক্রি হচ্ছে।’
একই মন্তব্য করেছেন অপর বিক্রেতা মুন্সী জয়নাল হোসেন। বাংলানিউজকে তিনি বলেন, ‘ডিজাইনের তো অভাব নেই। তবে একশ্রেণীর ক্রেতা ছাড়া অন্যরা এসব ডিজাইনের টুপি কিনেন না।’
৫০ থেকে ৫ হাজার টাকা দামের টুপি পাওয়া যাচ্ছে টুপির বাজারে। জরি আর রকমারি সুতার কাজ সম্বলিত এসব টুপি মাথার সৌন্দর্য বৃদ্ধি করে বলে জানান ব্যবসায়ী হাসিবুল ইসলাম। তিনি বলেন, ‘আজকাল মানুষ একটু ফ্যাশন সচেতন। টুপিতেই ফ্যাশনের ছাপ দেখতে পছন্দ করেন। তাই আমরা টুপিগুলো ফ্যাশনেবল করে তৈরি করেছি। ক্রেতাদের চাহিদাও এমন টুপির প্রতি ব্যাপক।’
বাবার সঙ্গে টুপি কিনতে আসা রাজিন বাংলানিউজকে বলেন, ‘শবে বরাতের নামাজ পড়বো, তাই টুপি কিনতে এসেছি। ডিজাইন করা একটা টুপি কিনবো।’
টুপির মতো একই চিত্র দেখা গেছে আতর আর তাসবির দোকানে। ক্রেতাদের ব্যাপক চাহিদা নিত্য নতুন তাসবির প্রতিও। নান রঙ আর ডিজাইনের পাথরে তৈরি তাসবির প্রতি অনেকেরই চাহিদা লক্ষ করা গেছে। দেশি তাসবির পাশাপাশি বিদেশি তাসবির চাহিদা কম নয় বলে জানিয়েছেন ব্যবসায়ী নওশের আহমেদ।
বাংলানিউজকে তিনি বলেন, ‘সৌদি আরব, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে তাসবি আমদানি করা হয়। মানুষও সেসব তাসবি কিনতেই বেশি পছন্দ করেন।’
তবে তুলনামূলক আতরের বিক্রি কম হচ্ছে বলে জানা যায়। বাহারি সুগন্ধের আতর বাজারে থাকলেও আগের চাইতে এর বিক্রি কম হচ্ছে বলে জানান আতর বিক্রেতারা। তারা দাবি করেন, মানুষ এখন পারফিউমের প্রতি বেশি ঝুঁকে গেছে। বিশেষ করে তরুণরা তো আতর কিনতেই চায় না। তবে বয়স্ক মুসুল্লিরা নিয়মিতই আতর কিনছেন।
নির্ধারিত আতর-টুপি দোকানের পাশাপাশি ভ্রাম্যমাণ টুপির অনেক দোকান বসেছে নগরীর বিভিন্ন স্থানে। এছাড়া বিভিন্ন স্টেশনারি ও সাধারণ দোকানেও শবে বরাতকে কেন্দ্র করে টুপি ঝুলিয়ে রেখেছেন বিক্রেতারা। মিরপুরের এমন এক বিক্রেতা বলেন, এই দিনে কমবেশি সবাই টুপি কেনে। মানুষ যাতে হাতের কাছে টুপি পায়, সেজন্যই এ ব্যবস্থা।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
এমএ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর