 |
ঢাকা: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সপ্তাহের চর্তুথ কার্যদিবস বুধবার দ্বিতীয় দিনের মতো সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সাধারণ মূল্যসূচক বেড়েছে ১২ পয়েন্ট ও লেনদেন হয়েছে ১৬২ কোটি টাকা।
গত এক সপ্তাহ ধরে লেনদেনে বড় ধরনের ধস নেমেছে। এতে ডিএসই ও প্রধান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে একের পর এক বৈঠক করে লেনদেনে সক্রিয় হওয়ার আহ্বান জানাচ্ছেন।ফলে মঙ্গলবার থেকে লেনদেন কিছুটা গতি ফিরে পায়।
বুধবার সকাল থেকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয় এবং বেলা ১১ টায় সূচক দিনের সর্বোচ্চ অবস্থান ৪ হাজার ১৭২ পয়েন্টে উঠে আসে। দুপুর থেকে আবার সূচক কমতে থাকে এবং দিনশেষে তা ১২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৪ হাজার ১৫৪ পয়েন্টে দাঁড়ায়।
এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৬২ কোটি ৫ লাখ ১২ হাজার টাকা। লেনদেন হওয়া মোট ২৬৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮২টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার দর।
লেনদেন বৃদ্ধির শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো হলো- ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, ইউনিক হোটেল, যমুনা অয়েল, বিএসসিসি, জেনারেশন নেক্সট, কনফিডেন্স সিমেন্ট, জিপি, ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড ও এনভয় টেক্সটাইল।
দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো হলো- পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, ম্যাকসন স্পিনিং, সমরিতা হসপিটাল, নর্দান ইন্স্যুরেন্স, রহিম টেক্সটাইল, স্ট্যান্ডার্ড সিরামিক, এ্যারামিট সিমেন্ট, ইস্টল্যান্ড, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ও সামিট এ্যালায়েন্স পোর্ট।
দর কমার শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো হলো- ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, ৭ম আইসিবি, কোহিনূর কেমিক্যালস, এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইমাম বাটন, মেঘনা পেট, রিলায়েন্স ফার্স্ট, এইচ আর টেক্সটাইল, যমুনা অয়েল ও আইসিবি এমপ্লইস স্কীম ওয়ান।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৮৯ পয়েন্টে। মোট আর্থিক লেনদেন হয়েছে ১৯ কোটি ৪০ লাখ ৭৭ হাজার টাকা।
লেনদেন হওয়া ১৮১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার দর।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘন্টা, ২৩ জানুয়ারি, ২০১৩
জেএনএ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর