৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১১:৩১ এএম BDST banglanew24
16 Sep 2012   08:55:14 PM   Sunday BdST
E-mail this

হাসিনাকে এবিএম মূসার পাল্টা প্রশ্ন

‘তারা কি চুরি করেছেন না করবেন?’


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘তারা কি চুরি করেছেন না করবেন?’ হাসিনাকে এবিএম মূসার পাল্টা প্রশ্ন

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাব দিয়েছেন প্রবীণ সাংবাদিক এবিএম মূসা। প্রধানমন্ত্রীর কাছে পাল্টা প্রশ্ন রেখে রোববার এক বিবৃতিতে তিনি বলেছেন- যারা নতুন চ্যানেল দিয়েছে তারা টাকা কোথায় পেলো?

প্রসঙ্গত, গত শনিবার রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীণ সাংবাদিক এবিএম মূসার প্রতি ইঙ্গিত করে বলেন, “টিভি লাইসেন্স না পাওয়ার ক্ষোভ ও বেদনা থেকে একজন সরকার এবং আওয়ামী লীগকে আক্রমণ করে কথা বলছেন। এমনকি অন্যদের চোর বলে অভিহিত করছেন। এখন আমি যদি উল্টো প্রশ্ন করি, টিভি লাইসেন্স দেওয়া হলে তিনি টাকা পেতেন কোথায়?”

প্রধানমন্ত্রীর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় রোববার এবিএম মূসা বলেছেন, “তার  (প্রধানমন্ত্রী) সরকার যে ক’টি নতুন চ্যানেল প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং আমার ‘একাত্তর’ নামটিসহ একজনকে দিয়ে দিয়েছেন তারা কোথায় টাকা পাবেন, বা পেয়েছেন? তারা কি চুরি করেছেন না করবেন?”

প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে গণমাধ্যমকে পাঠানো এবিএম মূসার প্রতিক্রিয়াটি এখানে তুলে ধরা হলো-

প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে আমি একটুখানি আত্মপ্রসাদ লাভ করেছি। মনে মনে গর্ববোধও করছি। কারণটি হলো, ভালো হোক মন্দ হোক দেশের প্রধানমন্ত্রী স্বয়ং আমার মতো একজন সাধারণ নাগরিক সম্পর্কে কয়েকটি মন্তব্য করেছেন। গত শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে দেয়া মন্তব্যটি ছিল আমার একটি প্রাইভেট টেলিভিশন চ্যানেলের জন্য আবেদন সম্পর্কীয়।
 
বিনীতভাবে তার স্মরণার্থে ও সাধারণভাবে যেসব গণমাধ্যম সেটি প্রচার করেছে, তাদের জ্ঞাতার্থে কিছু তথ্য পেশ করছি-

মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্ন করেছেন, আমি একটি টেলিভিশন চ্যানেল চালু করার এতো টাকা কোথায় পাবো? আমি কি এ জন্য চুরি করেছি অথবা করবো? আমি প্রধানমন্ত্রীকে বিনয়ের সঙ্গে স্মরণ করিয়ে দিতে চাই, তিনি জানতেন এ চ্যানেলটির উদ্যোক্তা ল্যাবএইড মাল্টিমিডিয়া লিমিটেড (ল্যাবএইড গ্রুপ)। সেখানে আমাকে মাত্র দশ শতাংশ অংশীদারিত্ব দিয়ে চেয়ারম্যান করা হয়েছিল। আমি সেই সুবাদে চ্যানেলটির জন্য আবেদন করি।

পরবর্তীতে আমি স্বয়ং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে চ্যানেলটি দেওয়ার বিষয়ে আলোচনা করি। সেই সময় প্রধানমন্ত্রী নয়, মুজিব ভাইয়ের কন্যাকে আমি কিছু ক্ষুব্ধ এবং উত্তপ্ত ভাষায় অনুযোগ জানাই। তখন তিনি আমাকে প্রশ্ন করেননি চ্যানেল করার টাকা আমি কোথায় পাবো? কারণ তিনি জানতেন ল্যাবএইড গ্রুপ এই চ্যানেলের উদ্যোক্তা এবং সম্পূর্ণ অর্থ যোগানদাতা।
 
আমাকে উত্তেজিত দেখে হাসিমুখে তিনি তার প্রেস সচিব আবুল কালাম আজাদকে বললেন, ‘উনি খুব ক্ষেপে গেছেন। ওনাকে শারম আল শেখে (ইজিপ্টে ন্যাম সম্মেলনে) নিয়ে চলো। ওখানে সমুদ্রপাড়ে ওনার মাথা ঠাণ্ডা হবে। তারপর ফিরে এসে ওনার চ্যানেলের ব্যাপারটা দেখা যাবে।’ আমি এতে চ্যানেল পাওয়া নিয়ে কিছুটা আশ্বস্ত হয়ে সফরসঙ্গী হতে রাজি হলাম। বিমানে আসা যাওয়ার পথে আমি, দীপুমনি ও মাননীয় প্রধানমন্ত্রী একসঙ্গে বসেছি। খাওয়া-দাওয়া ও নানা বিষয়ে গল্প গুজব করেছি কিন্তু আমার চ্যানেল পাওয়ার বিষয়টি নিয়ে কোনো কথা বলিনি।
 
তারপরও আমার প্রার্থিত চ্যানেলটি যখন দেওয়া হলো না তখন একদিন আমার বন্ধু আবদুল গাফফার চৌধুরী ঢাকায় এলে তাকে প্রধানমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলতে অনুরোধ করলাম। পরে গাফফার আমাকে জানালো, প্রধানমন্ত্রী তাকে বলেছেন, ওনার পেছনে কে, অর্থাৎ কে অর্থ যোগান দিচ্ছে? তার মানে ল্যাবএইড গ্রুপের ব্যাপারে তার আপত্তি রয়েছে এমনটি মনে হলো। অতঃপর তিনি তৎকালীন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদকে ডেকে বললেন, আমাকে যেনো অন্য কোনো চ্যানেলের সঙ্গে সম্পৃক্ত করা হয়।

আজাদের বাড়িতে এ নিয়ে চ্যানেল পাওয়া একজন প্রতিমন্ত্রীর সঙ্গে একটি বৈঠকও হলো। কিন্তু আমি আমার উদ্যোক্তাদের সঙ্গে বেঈমানি করতে চাইনি। তাই সেই বৈঠক ব্যর্থ হলো।

আমার মনে হলো চ্যানেলটির উদ্যোক্তা ডা. শামীমের ব্যাপারে প্রধানমন্ত্রীর কিছু বিরূপ মনোভাব রয়েছে। অথচ কিছুদিন পরে ডা. শামীমের আয়োজনে একটি কার্ডিয়াক সম্মেলনে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে তার পাশে বসেছিলেন (২৫শে নভেম্বর ২০১১-তে)। ব্যাপারটি আমার কাছে বিভ্রান্তিকর মনে হয়েছে।
 
প্রধানমন্ত্রী প্রশ্ন করেছেন, আমি চ্যানেলের জন্য কি টাকা চুরি করবো না করেছি। একটি পাল্টা প্রশ্ন করার স্পর্ধা দেখাচ্ছি! প্রশ্নটি হচ্ছে- তার সরকার যে ক’টি নতুন চ্যানেল প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং আমার ‘একাত্তর’ নামটিসহ একজনকে দিয়ে দিয়েছেন তারা কোথায় টাকা পাবেন, বা পেয়েছেন? তারা কি চুরি করেছেন না করবেন? তিনি অবশ্যই জানেন, এসব চ্যানেলে তার সরকারের প্রচুর সমালোচনা করা হয়। শুধু তাই নয়, এগুলোর অধিকাংশই সরকার বিরোধী পক্ষের ব্যক্তিদের কাছে বিক্রি হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর, ২০১২
এডিএ/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর; আহ্‌সান কবীর, আউটপুট এডিটর,ahsan.akraza@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান