 |
ঢাকা: পুঁজিবাজার অবকাঠামো উন্নয়নের শর্তে আড়াই হাজার কোটি টাকার ঋণ অনুমোদন দিল এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বুধবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ম্যানিলায় অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে এটি উত্থাপন হয় এবং শর্ত পূরণ সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়।
এ ব্যাপারে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্বাহী পরিচালক ও সেকেন্ড ক্যাপিটেল মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রামের (সিএমডিপি-২) দায়িত্বপ্রাপ্ত সাইফুর রহমান জানান, শর্ত পূরণ হওয়ায় বুধবার ম্যানিলায় অনুষ্ঠিত এডিবির বোর্ড মিটিংয়ে সরকারের বাজেটারি ফান্ডের অংশ হিসেবে আড়াই হাজার কোটি টাকার ঋণ অনুমোদন দেওয়া হয়।
সরকার বাজেটের অংশ হিসেবে এডিবির কাছে আড়াই হাজার কোটি টাকা চায়। এ পরিপ্রেক্ষিতে এডিবি এ প্রোগ্রামের আওতায় ঋণ দিতে সম্মতি জানায়।
এ কর্মসূচির আওতায় ২৮টি শর্ত পূরণ সাপেক্ষে ঋণ অনুমোদন করা হবে। এর মধ্যে প্রথম ধাপে ১৩টি শর্ত পূরণ হলে ১৫০ মিলিয়ন ডলার বা ১ হাজার ২০০ কোটি টাকা এবং দ্বিতীয় ধাপে ১৮টি শর্ত পূরণ সাপেক্ষে বাকি অর্থ ছাড় করা হবে। কর্মসূচি অনুযায়ী এসইসি এরইমধ্যে প্রথম ধাপের প্রায় সবকটি শর্ত পূরণ করেছে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার এডিবির বোর্ড মিটিংয়ে এ অনুমোদন দেওয়া হয়।
পুঁজিবাজার উন্নয়নের জন্য এডিবি দুই পর্যায়ে প্রায় আড়াই হাজার কোটি টাকা ঋণ দেবে। তবে এ ঋণের প্রধান শর্ত শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরানো।
এজন্য যে উল্লেখযোগ্য পদক্ষেপগুলো উল্লেখ করা হয়েছে এগুলো হলো- বাজার স্থিতিশীলতার জন্য সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) বাজার নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও আর্থিক সক্ষমতা বাড়ানো; বাজারের স্বচ্ছতা বৃদ্ধির জন্য দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ, আর্থিক ও নিরীক্ষণের মান উন্নয়ন, আইনি কাঠামো শক্তিশালী করা তালিকাভুক্ত কোম্পানির সুশাসন উন্নতি করা এবং স্টক এক্সচেঞ্জ ডি-মিউচ্যুয়ালাইজেশন করা; সরবরাহ বাড়াতে শেয়ার ও বন্ড ছাড়া এবং চাহিদা বাড়াতে বন্ড মার্কেট সৃষ্টি করা।
এছাড়াও ব্যাংক ও আর্থিক বিভাগ, বাংলাদেশ ব্যাংক ও ইন্স্যুরেন্স নিয়ন্ত্রক সংশ্লিষ্ট শর্ত রয়েছে। প্রথমার্ধের ঋণ ছাড়ের ক্ষেত্রে ব্যাংক সংশ্লিষ্ট শর্তে রয়েছে, ব্যাংকের ঝুঁকি কমাতে বিনিয়োগ মূলধনের ২৫ ভাগ হতে হবে যা বর্তমানে মোট দায়ের ১০ ভাগ রয়েছে। এ শর্ত বাস্তবায়নে কোম্পানি আইন সংশোধন করতে হবে।
কিন্তু শর্ত পূরণের নির্ধারিত সময় শেষ হলেও এখন পর্যন্ত এটি বাস্তবায়ন সম্ভব হয়নি। অন্যদিকে ইন্স্যুরেন্স আইন সংশোধনের বেশ কিছু বিধি ও প্রবিধি আইন মন্ত্রণালয়ে পাঠানো হলেও তা এখনো পাশ হয়নি।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ২৮ নভেম্বর ২০১২
জেএনএ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর