 |
| ফাইল ছবি |
চট্টগ্রাম: নির্যাতনে অতিষ্ট হয়ে দেশের জনগণ এখন শেখ হাসিনার সরকারের হাত থেকে মুক্তি চায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন,‘সরকার কাণ্ড- জ্ঞান হারিয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। পায়ের তলায় মাটি নেই জেনে দলীয় সন্ত্রাসী দিয়ে কুপিয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। এই অবস্থায় দেশের মানুষ শেখ হাসিনার সরকারের হাত থেকে মুক্তি চায়।’
শুক্রবার বিকেলে বন্দর থানা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
আমির খসরু বলেন,‘শেখ হাসিনা দুর্নীতিবাজ মন্ত্রীদের নিয়ে দেশ পরিচালনা করছেন। গণতন্ত্রকে হত্যা করে পুলিশী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছেন। কিন্তু এ দেশের মুক্তিকামী মানুষ তা কখনও মেনে নেবে না। গণআন্দোলনের মাধ্যমে জনগণ তাকে প্রতিহত করবে।’
দেশের মানুষের অধিকার রক্ষা করতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানান সাবেক এই মন্ত্রী।
খসরু বলেন,‘গণতন্ত্রকে মুক্ত করতে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব, মানবাধিকার রক্ষা এবং দেশকে নিয়ন্ত্রিত নির্বাচনের হাত থেকে বাঁচাতে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এজন্য আন্দোলন সংগ্রাম করতে বিরোধী দলের নেতাকর্মীরা প্রস্তুত।’
বন্দর থানা বিএনপির সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অন্যদের মধ্যে মাহবুবুর রহমান শামীম, মোহাম্মদ মিয়া ভোলা, শেখ নুরুল্লাহ বাহার, এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, আহম্মেদুল আলম চৌধুরী রাসেল, ইয়াছিন চৌধুরী লিটন বক্তব্য রাখেন।
বাংলাদেশ সশয়: ২০ ৫২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২
এমইউ/টিসি