 |
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ প্রজন্ম চত্বরে চলমান আন্দোলনের একজন সংগঠক ব্লগার, কার্টুনিস্ট ও ছড়াকার তারিকুল ইসলাম শান্তর লাশ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে নেওয়া হয়েছে।
শাহবাগ গণজাগরণ চত্বরে স্লোগান দিতে দিতে অসুস্থ হয়ে পড়লে মেডিকেলে নিয়ে গেলে বিকেল ৩টা ৪০ মিনিটে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগের গণজাগরণ চত্বরের গণআন্দোলনে টানা অংশ নেওয়ার পর সোমবার বিকেল তিনটায় শিল্পী, পরিচালক এবং প্রযোজকদের নিয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগের গণজাগরণ চত্বরে আসেন শান্ত।
সেখানে তিনি যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দিতে অজ্ঞান হয়ে পড়ে যান। এ সময় তার মুখ দিয়ে লালা পড়তে থাকে। এক পর্যায়ে তাকে গণজাগরণের অস্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্রে নেওয়া হয়।
অবস্থা আশঙ্কাজনক হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার ঢাবিতে বেলা ১১টায় জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর,
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর