 |
বোস্টন: বাংলাদেশের দুর্নীতি আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে যার ফলে বিশ্বব্যাপী দেশটিকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হিসেবে চেনে। বাংলাদেশে দুর্নীতি করে লাভবান হচ্ছে একটি বিশেষ গোষ্ঠী।
যুক্তরাষ্ট্র সময় গত শনিবার (৬ অক্টোবর) বিকেলে বোস্টনে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) অনুষ্ঠিত ‘বাংলাদেশ ও পাকিস্তানে দুর্নীতি ও পুঁজিবাদ’ শীর্ষক এক সেমিনারে বিশিষ্ট অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ এসব কথা বলেন।
তিনি বলেন, “বর্তমান সরকারের প্রতিটি সেক্টরেই দুর্নীতিতে ভরে গেছে। দুর্নীতির হাত থেকে বাংলাদেশ কোনোভাবেই মুক্তির কোন পথ খুঁজে পাচ্ছে না।”
“অ্যালায়েন্স ফর এ সেকুলার অ্যান্ড ডেমোক্রাটিক সাউথ এশিয়া” আয়োজিত সেমিনারে অধ্যাপক আনু মুহাম্মদ আরও বলেন, “সরকারি ও বেসরকারিভাবে বাংলাদেশে দুর্নীতি করে যে বিশেষ গোষ্ঠী লাভবান হচ্ছে, সেই মহলটির সঙ্গে জড়িত রয়েছে উচ্চ পর্যায়ের সরকারি লোকজন। যার ফলে তদন্ত কমিটি গঠন করেও কোনো লাভ হচ্ছে না। লোক দেখানো এসব তদন্ত রিপোর্ট কখনই প্রকাশ করা হয় না। দুর্নীতির কোনো বিচার হয় না বাংলাদেশে। সঠিক বিচারের মাধ্যমে দুর্নীতিবাজদের উপোযুক্ত শাস্তি হলে হয়তো দুর্নীতি কিছুটা লাঘব হতো। কিন্তু দিন দিন দুর্নীতি বেড়ে গিয়ে বিশ্বে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে।”
সম্প্রতি বিশ্বব্যাংকের দুর্নীতি ও সোনালী ব্যাংকে হলমার্ক গ্রুপের অর্থ কেলেংকারীর ঘটনার সঠিক তদন্তসহ জড়িতদের শাস্তিও তিনি দাবি করেন।
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সোলার বিজ্ঞানী ড. সাজেদ কামাল ও নিউরো সাইক্লোজিস্ট ও লেসলি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাখসান্দা সালীম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১২
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর