৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১১:৫৭ পিএম BDST banglanew24
03 Feb 2013   07:29:00 AM   Sunday BdST
E-mail this

নারায়ণগঞ্জে ‘পটকা’র বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি!


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা টানবাজারের মীনাবাজার এলাকায় দুইটি স্বর্ণের দোকানের সামনে বিকট শব্দে ‘পটকা’র বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি করেছে ডাকাতদল।

শনিবার সন্ধ্যা সাতটার দিকে মিনাবাজার আল জয়নাল অলংকার প্লাজার সামনে এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। তবে, লুণ্ঠিত মালামালের পরিমাণ জানা যায়নি।

এলাকাবাসী বিস্ফোরণকে ককটেল বললেও স্থানীয় পুলিশ বলছে “এগুলো উচ্চ ক্ষমতা সম্পন্ন কাগজের ‘পটকা’।”

ঘটনার প্রত্যক্ষদর্শী আল জয়নাল অলংকার প্লাজার আইউব জুয়েলার্সের মালিক সামশুল হক জানান, শনিবার রাত সাতটার দিকে জ্যাকেট ও গেঞ্জি পড়া ৪-৫ জন ডাকাত হাতে কাগজের শপিং ব্যাগ নিয়ে অলংকার প্লাজার বিপরীতে সেলিম মার্কেটের উষা জুয়েলার্স ও রিফাত জুয়েলার্সে প্রবেশ করে। দু’টি দোকানই সেলিম মার্কেটের নিচ তলাতে অবস্থিত।

এ সময় তারা দোকানের দরজার সামনে এসে ব্যাগ থেকে বিস্ফোরক বস্তু বের করে দোকানের সামনের সড়কে নিক্ষেপ করলে বিকট শব্দে বিস্ফোরিত হতে থাকে দ্রব্যগুলো। এসময় লোকজন আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন, পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় আশেপাশের সকল দোকানাপাট।

বিস্ফোরণের সময়ে ডাকাত দল দু’টি দোকান থেকে বেশ কয়েকভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। তবে, দু’টি দোকান থেকে কী পরিমাণ স্বর্ণ লুট হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি দোকান মালিকেরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতদল পালানোর সময় আরও কয়েকটি ‘ককটেল’ বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

সদর মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বাংলানিউজকে জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। পুলিশ ঘটনার তদন্ত করছে।” বিস্ফোরকদ্রব্যগুলো ‘পটকা’ বলেও জানান তিনি।


বাংলাদেশ সময় : ০৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৩
তানভীর হোসেন/ সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান