মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের হাটলীগঞ্জ এলাকায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে ইসরাত জাহান অ্যানি (১৬)।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ বাল্যবিয়ে বন্ধ করেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারাবান তহুরা।
এ সময় বর-কনের বাবা আগামী ২ বছরের মধ্যে তাদের ছেলে-মেয়ের বিয়ে দেবেন না বলে মুচলেকা দিয়েছেন।
এদিকে, এ ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে পৌর কাউন্সিলর মকবুল হোসেনের হাতে শারিরীকভাবে লাঞ্ছিত হয়েছেন ইসলামিক টিভির ক্যামেরাম্যান কামাল হোসেন। এ সময় পৌর কাউন্সিলর তার সেলফোনটিও রেখে দেন।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় শহরের হাটলীগঞ্জ এলাকার মোতাহার শেখের ছেলে সাকিব হোসেন বাবুল ও বরিশালের আগরপাড়া গ্রামের মনির হোসেনের মেয়ে ইসরাত জাহান অ্যানির (১৬)বিয়ের আয়োজন করা হয়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পৌর কাউন্সিলরের কাছ থেকে ইসলামিক টিভির ক্যামেরাম্যানের সেলফোন উদ্ধার করে তা মুন্সীগঞ্জ প্রেসক্লাবে পৌঁছে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটরmm