সিলেট: সিলেটের পাঁচতারকা হোটেল রোজভিউ ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান পুড়ে গেছে।
‘মধুবন মিষ্টি বিপনী নামের ওই দোকানের আসবাপত্র, রেফ্রিজারেটর ও ফাস্টফুড ও খাবারসামগ্রীসহ ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়ে ফায়ার সার্ভিস। তবে মধুবন ফাস্টফুড দোকানের কর্মকতা মাহফুজ আহমেন বাংলানিউজকে বলেন, অগ্নিকাণ্ডে ১ কোটি ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বুধবার ভোর সাড়ে ৬টায় সেখানে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস সিলেট। এরপর খবর পেয়ে ৭টার দিকে তালতলা ফায়ার স্টেশন থেকে ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট ফায়ার সার্ভিসের পরিচালক এরফান আলী বাংলানিউজকে বলেন, ইলেক্ট্রিক ওয়েল ওভেন থেকে অগ্নিকাণ্ডের উৎপত্তি বলে ধারণা করছেন তারা। এই ওভেনের সঙ্গে ইলেক্ট্রকি লাইনের সংযোগ ছিল।
তবে আগুন নিয়ন্ত্রণে এনে নিভিয়ে ফেলায় রোজভিউ হোটেলের কোনো ক্ষতি হয়নি। শুধু ওই দোকানটি পুড়ে গেছে।
দোকানের কর্মচারীরা জানান, অগ্নিকাণ্ডে দোকানের ফ্রিজ, এয়ারকন্ডিশন, ফাস্টফুডসহ আসাবপত্র পুড়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জুন ১৩, ২০১২
এসএ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর