রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ আল হাসান সোহেল হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের হয়েছে।
রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের এমবিএ শিক্ষার্থী মোহাম্মদ নোমান বাদী হয়ে সোমবার রাত সাড়ে ১২টার দিকে এ মামলা দায়ের করেন।
মতিহার থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ আল হাসান ওরফে সোহেল রানা নিহতের ঘটনায় সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
মামলার বিষয়ে এএসআই শাহজাহান বলেন, মামলার বাদী ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল তুহিনকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে ১৪৩, ৩০২, ৩৪ ধারায় মামলা দায়ের করেছেন।
তবে তিনি তদন্তের স্বার্থে এ মামলায় এজাহারভুক্তদের নাম প্রকাশ করতে রাজি হননি।
প্রসঙ্গত, নতুন কমিটিতে পদ না পাওয়া ও পদ্মা সেতুর টাকা সংগ্রহকে কেন্দ্র ছাত্রলীগের সভাপতি গ্রুপের সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) তৌহিদ আল তুহিন ও সাধারণ সম্পাদক গ্রুপের সহসভাপতি (বহিষ্কৃত) আখেরুজ্জামান তাকিমের বাগবিতণ্ডায় রোববার মধ্যরাতে সাধারণ সম্পাদক সমর্থক ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ আল-হাসান ওরফে সোহেল রানা গুলিবিদ্ধ হন।
পরে সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১২
সম্পাদনা : মাবহবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর