ঢাকা: রাজধানীর দারুস সালাম থানার ১১৩ নম্বর আনন্দনগর বাসার পানির রিজার্ভ ট্যাংকি থেকে নাঈম নামে ৪ বছর বয়সী এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার মামলায় গ্রেফতার ৪ আসামিকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ১০ দিন করে রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডকৃতরা হলেন, রানা, তার মা আমেনা বেগম এবং ভাই সজিব ও রাকিব।
সোমবার মধ্যরাতে রাজধানীর দারুস সালাম থানার ১১৩ নম্বর আনন্দনগর বাসার পানির রিজার্ভ ট্যাংকি থেকে নাঈমের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে ওই বাসায় থেকে শিশু নাঈম নিখোঁজ হয়। এ ব্যাপারে নাঈমের পিতা রাজু দারুস সালাম থানায় অভিযোগ করেন। পরে তাদের অভিযোগের ভিত্তিতে নাঈমদের বাড়ির পানির রিজার্ভ ট্যাংকি থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
নিহতের পিতা রাজু মোল্লা হাসপাতালে সাংবাদিকদের জানান, গত রোজার ঈদের আগে স্থানীয় সজিব, রাকিব ও রানা শিশু নাঈমকে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে বলাৎকার করে।
ওই ঘটনায় তিনি স্থানীয় লোকদের কাছে বিচার দাবি করেন। তারা ঈদের পর বিষয়টি নিয়ে বিচার-সালিশ করা হবে বলে নাঈমের পরিবারকে জানান। ঈদের পর নাঈমের পরিবারের সদস্যরা গ্রাম থেকে ঢাকায় ফিরে আসেন। এরপর গত রোববার নাইম নিখোঁজ হয়।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১২
এমআই/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর