ঢাকা: ইরাকের দক্ষিণাঞ্চলে শিয়া অধ্যুষিত দুটি শহরে বৃহস্পতিবার পৃথক বোমা বিস্ফোরণে ২৮ জন নিহত হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইরাকের রাজধানী বাগদাদ থেকে একশ’ কিলোমিটার দূরে হিল্লা শহরে একটি রেস্টুরেন্টের কাছে বোমা বিস্ফোরণে ২৬ জন নিহত হয়েছে।
অন্যদিকে কারবালা শহরের একটি বাস স্টেশনে গাড়ি বোমা বিস্ফোরণে দুইজন নিহত হয়েছে বলে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের মুখপাত্র জানিয়েছেন।
এর আগে বুধবার ভোরে রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলীয় শহর তারমিয়ায় সশস্ত্র সন্ত্রাসী হামলায় তিনজন শিশুসহ একই পরিবারের ৭ জন নিহত হয়েছে।মঙ্গলবার বাগদাদে তিনটি গাড়িবোমা বিস্ফোরণে ১৪ জন নিহত হয়েছে। আশুরা উপলক্ষে শিয়াদের শোক মিছিল লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
ইরাকের শিয়া মুসলিমরা দেশটির আল কায়েদা ও অন্যান্য সুন্নি জঙ্গিগোষ্ঠীগুলোর হামলার প্রধান লক্ষ্য।আশুরার সময় সাধারণত শিয়াদের ওপর হামলা বৃদ্ধি পায়।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ২৯,২০১২
সম্পাদনা: কামরুননাহার, নিউজরুম এডিটর