ঢাকা: ‘পদ্মাসেতুতে বিশ্বব্যাংকের অর্থায়নের বিষয়ে সব মহল থেকে সমর্থন পাচ্ছি’। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেছেন।
বুধবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের নিজকক্ষ থেকে বের হওয়ার পর তিনি সাংবাদিকদের একথা বলেন।
এর আগে অবশ্য তিনি বলেন, ``এ বিষয়ে এ মূহুর্তে আমি কোনো কথা বলতে চাই না। কারণ এখন একটি গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে। এখন এ বিষয়ে কোনো কথা বলা ঠিক নয়।``
পদ্মাসেতু বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ``হ্যাঁ, তারা আমাদের সমর্থন দিচ্ছেন। এছাড়া জাপান এবং ভারতও আমাদের সমর্থন দিয়েছে। যুক্তরাজ্যও আমাদের সমর্থন দিয়েছে।``
বিশ্বব্যাংকের ঋণপ্রাপ্তি বিষয়ে তিনি আরও বলেন, ``কাগজে যা-ই লেখা হোক না কেন আমি সমর্থন পাচ্ছি।``
পদ্মাসেতু প্রকল্পের চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য এডিবি ও জাইকা’কে অনুরোধ জানানো হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, ``অনুরোধ করা হতে পারে। তবে এ বিষয়ে আমি এখনও নিশ্চিত নই। আবার অনুরোধ জানাবো কিনা তা-ও জানি না।``
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১২
এস আর/সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com