যশোর: যশোরের চৌগাছা উপজেলায় স্কুলছাত্র সৌরভকে নৃশংসভাবে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে সোমবার সকালে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে চৌগাছার ৫ গ্রামের স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
উপজেলার জাহাঙ্গীরপুর, গরীবপুর, জামতলা, পিতাম্বরপুর ও ডাইনে গ্রামের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ‘জাগজাপিডা শিক্ষার্থী সংগঠন’ এ কর্মসূচির আয়োজন করে।
বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানবন্ধনে ৫ গ্রামের ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধন শেষে জাগজাপিডা’র সহ-সভাপতি সুমন সাহার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, চৌগাছার সিংহঝুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টু, এমএম কলেজের শিক্ষার্থী নিয়াজ মাহমুদ শাহীন, সিটি কলেজের সুব্রত সাহা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ হোসেন।
মানববন্ধনে নিহত সৌরভের বাবা স্বপন সাহা, মা পপি সাহাও উপস্থিত ছিলেন।
নিহত সৌরভের বাবা স্বপন সাহা ও মা পপি সাহা বাংলানিউজকে জানান, গত ৯ জুলাই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সন্ত্রাসীরা চতুর্থ শ্রেণীর ছাত্র সৌরভকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দেওয়ায় শিশুটিকে হত্যা করা হয়।
এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করলেও আসামিপক্ষের লোকজন নানাভাবে সৌরভের বাবা, মাকে হুমকি দিয়ে আসছে।
মানববন্ধনে বক্তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তারা যেন আইনের ফাঁক ফোকর দিয়ে বেরোতে না পারে সেদিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।
পরে ছাত্র সংগঠনের নেতারা পাঁচ দফা দাবি ঘোষণা করেন।
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, অভিযুক্ত সব আসামিকে ১৫ দিনের মধ্যে গ্রেফতার, ঘাতক নরপশুদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং এলাকার মাদক ব্যবসা বন্ধ করতে হবে।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর