 |
| ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
গণজাগরণ চত্বর থেকে: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের গণজাগরণ চত্বরে আন্দোলনরতরা দাবি করছেন, রাজাকারদের নাতিপুতিতে ছেয়ে এ দেশ গেছে। তাই দেশের সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারছে না।
সোমবার বিকেলে গণজাগরণ মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় আন্দোলনকারীরা এসব কথা বলেন।
আন্দোলনকারীরা বলেন, “রাজাকাররা এ দেশের ধর্ম নিয়ে ব্যবসা করছে। তারা ইসলামের নামে মানুষকে ভুল পথে পরিচালিত করছে। আমরা তাদের শাস্তি চাই।”
এ সময় আন্দোলনকারীরা রাজাকারদের নাতিপুতিদের গণজাগরণ মঞ্চে এসে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করার আহ্বান জানান।
আন্দোলনকালে তারা রাজকারদের নাতিপুতিদের নিয়ে কয়েকটি স্লোগান দেন।
এ সময় তারা বলেন, “রাজাকাররা ’৭১ সালে পাকিস্তানে ছিল। মুক্তিযুদ্ধে তারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে এ দেশের লাখ লাখ মানুষকে হত্যা করেছে। আমরা তাদের ফাঁসির দাবি করে আসছি। তাদের ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরবো না।”
কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের গণজাগরণ চত্বরের গণআন্দোলনের সোমবার ১৪তম দিন। এ আন্দোলনের ঢেউ দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে প্রবাসেও। নানা শ্রেণি-পেশার মানুষ এ দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছেন। প্রতিদিনই বাড়ছে এ গণজোয়ারে আসা মানুষের সংখ্যা।
কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি বিকেলে শাহবাগ মোড়ে এ বিক্ষোভের সূচনা করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম। এরপর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এ গণআন্দোলনে যোগ দেন। গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় মহাসমাবেশ। ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাগরণ সমাবেশ। উভয় সমাবেশেই যোগ দেয় লাখো জনতা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com