 |
| ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড আয়োজিত তরুণ সাংবাদিকতা প্রতিযোগিতায় বিচারকদের রায়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ দল। ফেসবুক ব্যবহারকারীদের রায়ে চ্যাম্পিয়ন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির বাংলাদেশ (আইইউবি)।
এ দুটো দল ছাড়াও রানার-আপদেরও পুরস্কৃত করা হয়। বিচারকদের রায়ে চ্যাম্পিয়ন হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ দল এবং ফেসবুক লাইকে ভিত্তিতে চ্যাম্পিয়ন হয় ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় (আইইউবি) এর বিং হিউম্যান দল। উভয় দলই রবি এবং আইইউবির পক্ষ থেকে সনদপত্র এবং নগদ ৫০,০০০ টাকা পুরস্কার হিসাবে গ্রহণ করে।
বিচারকদের রায়ে প্রথম রানার-আপ হয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর স্টেপ আপ দল। ফেসবুক লাইকের ভিত্তিতে প্রথম রানার আপ হয় সাবাস বাংলাদেশ। উভয় প্রতিযোগীকে সনদপত্র ও নগদ ৩০,০০০ টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়।
বিচারকদের রায়ে দ্বিতীয় রানার আপ হয় আইইউবির বিং হিউম্যান দল এবং জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় রানার আপ হয় ডেফোডিল ইন্টারন্যাশনাল ইনিভার্সিটির তারুণ্যের বিজয় কথা দল। উভয় দলকে নগদ ২০,০০০ টাকা করে অর্থ পুরস্কার এবং সনদপত্র প্রদান করা হয়।
রবির কর্পোরেট হেড অফিসে বৃহস্পতিবার সন্ধ্যায় তরুণ সাংবাদিকতা প্রতিযোগিতায় রবির চিফ ফিন্যান্সিয়াল অফিসার মাহতাবউদ্দিন আহমেদ, চিফ টেকনিক্যাল অফিসার এ. কে. এম মোরশেদ ও প্রধান স্ট্র্যাটেজি কর্মকর্তা ইয়োশী হাশেগাওয়া বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কারের নগদ অর্থমূল্যের চেক তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইইউবির মিডিয়া ও কমিউনিকেশন বিভাগের প্রধান জি এম শাহিদুল আলম, রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট- ব্রান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশন মো. জাবিদ আহসান, কমিউনিকেশন ও মিডিয়া রিলেশন ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন বাবর, ব্র্যান্ড ও মার্কেট কমিউনিকেশন ভাইস প্রেসিডেন্ট খন্দকার আশরাফুল হক।
রবি ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) যৌথভাবে গত মার্চ মাসে এ প্রতিযোগিতা শুরু করেছিল। এতে এমন অনেক প্রতিযোগিত অংশ নিয়েছেন, যাদের কাজ ও বিষয় নির্বাচন ছিল অসাধারণ। দেশের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের তরুণ শিক্ষার্থীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রবির টেকনিক্যাল অফিসার এ.কে.এম মোরশেদ বলেন, ভবিষ্যৎ সাংবাদিকদের তাদের অনুভূতির সাথে শিক্ষার সমন্বয় ঘটিয়ে সমাজের প্রতি তাদের দায়বদ্ধতাকে উৎসাহিত করতে রবি এই প্রতিযোগিতার আয়োজন করেছে।
রবি-আইইউবি তরুণ সাংবাদিক প্রতিযোগিতা ২০১২ একটি ব্যতিক্রম ধর্মী প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মিডিয়া ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেছে। বিচারকদের রায় এবং জনপ্রিয়তা এ দুটি ক্যাটাগরিতে মোট ৬টি দল বিজয়ী হয়। সর্বোচ্চ ফেসবুক লাইকের ভিত্তিতে জনপ্রিয়তা যাচাই করা হয়।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
আইএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর