 |
| ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
চট্টগ্রাম : চট্টগ্রামে শুরু হয়েছে সিটিসেল ‘গ্রাহক সেবা ক্যাম্পেইন‘ কার্যক্রম।
রোববার দুপুরে নগরীর আগ্রাবাদের বিভাগীয় কার্যালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক।
৩১ মার্চ পর্যন্ত চলবে এ সেবা কার্যক্রম।
দেশব্যাপী ‘গ্রাহকসেবা ক্যাম্পেইন’ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে এ কার্যক্রম শুরু করা হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সিটিসেল ‘গ্রাহকসেবা ক্যাম্পেইন’ এ গ্রাহকদের বিভিন্ন ধরনের সেবা দেওয়া হবে।
নষ্ট বা হারিয়ে যাওয়া হ্যান্ডসেট ৬০ শতাংশ পরিশোধ ও ৪০ শতাংশ রিচার্জ করে নতুন হ্যান্ডসেট নিতে পারবে গ্রাহকরা। এছাড়া ব্যাটারি বা চার্জার কিনে বিক্রয় মূল্যের ৪০ শতাংশ রিচার্জে ফেরত, বিনামূল্যে রিম পরিবর্তন এবং কোনো প্রকার সার্ভিস ফি ছাড়াই সিডিএমএ মোবাইল ফোন সেট মেরামত করা যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটিসেল চট্টগ্রাম বিভাগীয় বাণিজ্যিক প্রধান মোহাম্মদ ফাহিম, উপ- ব্যবস্থাপক চৌধুরী মো.তৌফিকসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময় : ১৪২২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১২
মো.মহিউদ্দিন/
সম্পাদনা : নূরনবী সিদ্দিক সুইন, সিনিয়র নিউজরুম এডিটর