 |
ঢাকা : গাজীপুর-৪ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতা অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদলকে বাম গণতান্ত্রিক-প্রগতিশীল শক্তির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
তিনি গাজীপুর জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক।
রোববার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সিপিবি সভাপতি মনজুরুল আহসান ও বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান স্বাক্ষরিত যুক্ত ঘোষণায় বলা হয়েছে, জাতীয় সংসদের গাজীপুর-৪ আসনের আসন্ন উপনির্বাচনে অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদল বাম গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক বলয়ের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আসাদুল্লাহ বাদল উপজেলার বারিষাব ইউনিয়নের ভিকারটেক গ্রামের সন্তান। তিনি রাষ্ট্রবিজ্ঞান ও আইনে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বর্তমানে গাজীপুর জেলা জজকোর্টে আইন পেশায় নিয়োজিত।
এর আগে তিনি সরকারি আইনজীবী (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্র জীবনে তিনি ছাত্র ইউনিয়নের সংগঠকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সিপিবি গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় পরিষদ সদস্য।
তিনি গাজীপুর জেলায় বাম গণতান্ত্রিক প্রগতিশীলদের ঐক্যবদ্ধ আন্দোলনের সংগঠক। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির একজন সক্রিয় সংগঠক হিসেবেও কাজ করছেন বাদল। তিনি ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ চাপ্টার গণতান্ত্রিক আইনজীবী সমিতির একজন কেন্দ্রীয় নেতা। তিনি সাম্যবাদী পাঠাগার ও পল্লী সংস্কার কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি।
ছাত্র জীবন থেকেই তিনি লেখালেখি ও সাংবাদিকতায় যুক্ত। বিভিন্ন সংবাদ মাধ্যমে তার লেখা প্রকাশিত হয়েছে। তিনি সাপ্তাহিক ‘বৃত্তের বাইরে’র প্রধান সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১২
এসকে/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর