 |
ঢাকা: লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনের কাছে পরপর দুটি গাড়ি বোমা বিস্ফোরণে দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। গত বছর মুয়াম্মার গাদ্দাফির পতনের পর ত্রিপোলিতে এটিই এ ধরণের সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা।
রোববার সকালে ঈদুল ফিতরের নামাজের প্রাক্কালে এ বিস্ফোরণের পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। এছাড়া বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী ঘটনাস্থল ঘিরে রাখে। বিস্ফোরণের পরপরই নগরীর বিভিন্ন স্থানে চেকপয়েন্ট স্থাপন করা হয়।
সংবাদমাধ্যম জানায় ত্রিপোলির ওমর আল মুখতার অ্যাভেনিউয়ে অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রথম বোমাটি বিস্ফোরিত হয় । তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পুলিশ পরে সেখান থেকে আরেকটি অবিস্ফোরিত গাড়িবোমা উদ্ধার করে।
এ অল্পসময় পরেই পাশ্ববর্তী মহিলা পুলিশ একাডেমির সাবেক দপ্তরের সামনে দ্বিতীয় গাড়িবোমাটি বিস্ফোরিত হয়। বর্তমানে এ ভবনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে বন্দিশালা এবং জিজ্ঞাসাবাদ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিস্ফোরণে দুই ব্যক্তি নিহত এবং অপর দুইজন আহত হয়। তারা সবাই বেসামরিক নাগরিক বলে জানা গেছে।
ত্রিপোলির নিরাপত্তা প্রধান কর্নেল মাহমুদ আল শেরিফ বিস্ফোরণের সত্যতা স্বীকার করেছেন। বিস্ফোরণের জন্য তিনি লিবিয়ার সাবেক এক নায়ক মুয়াম্মার গাদ্দাফির সমর্থকদের দায়ী করেন।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর